স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করে জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়ন করুন: জমিয়ত
https://parstoday.ir/bn/news/india-i133052-স্বাধীন_ফিলিস্তিনি_রাষ্ট্র_প্রতিষ্ঠা_করে_জাতিসংঘের_প্রস্তাব_বাস্তবায়ন_করুন_জমিয়ত
নয়াদিল্লিতে জমিয়তে উলামায়ে হিন্দের নির্বাহী কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠকে ফিলিস্তিনে চলমান রক্তক্ষয়ী গণহত্যা ও মানব মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৭, ২০২৪ ০৮:১৬ Asia/Dhaka
  • স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করে জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়ন করুন: জমিয়ত

নয়াদিল্লিতে জমিয়তে উলামায়ে হিন্দের নির্বাহী কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠকে ফিলিস্তিনে চলমান রক্তক্ষয়ী গণহত্যা ও মানব মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। 

গতকাল (শনিবার) পাস হওয়া জমিয়তের রেজুলেশনে বলা হয়েছে- লজ্জাজনক বিষয় হলো জাতিসংঘও এই চরম নিষ্ঠুরতা বন্ধ করতে ব্যর্থ হয়েছে এবং আমেরিকা ও তার মিত্ররা ইসরাইলকে সমর্থন ও সহযোগিতা করছে। এই ভয়ানক পরিস্থিতিতে জমিয়তে উলামায়ে হিন্দ বিশ্ব সম্প্রদায়ের কাছে, বিশেষ করে ভারত সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব এই নিষ্ঠুরতা বন্ধ করতে, ফিলিস্তিনিদের তাদের অধিকার দেওয়ার চেষ্টা করতে এবং একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা সংক্রান্ত জাতিসংঘের প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য তার প্রভাব ব্যবহার করার দাবি জানাচ্ছে।

জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানীর সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ওই বৈঠকে ওয়াকফ সম্পত্তির নিরাপত্তা, উপাসনালয় আইন থাকা সত্ত্বেও মসজিদ ও মাজারের বিরুদ্ধে সাম্প্রদায়িক শক্তির চলমান কর্মসূচি, ফিলিস্তিনে চলমান ইহুদিবাদী ইসরাইলি সন্ত্রাসের মতো অনেক জ্বলন্ত বিষয় নিয়ে আলোচনা হয় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

ওই বৈঠকে সভাপতির বক্তব্যে জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানী বলেন, মসজিদ ও মাযার রক্ষা জমিয়তে উলামায়ে হিন্দের অন্যতম প্রধান উদ্দেশ্য। বর্তমান সময়ে যেভাবে একের পর এক উপাসনালয়কে বিতর্কিত করার অপচেষ্টা চলছে, তাতে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন এবং প্রতিকারমূলক ব্যবস্থার মাধ্যমে স্থায়ী সমাধান বের করা অত্যন্ত জরুরি।  

তিনি আরও বলেন, কিছু শক্তি সংখ্যালঘু মুসলিমদের হেয় করার চেষ্টা করছে, প্রতিনিয়ত তাদের মানসিক  নির্যাতন ও আঘাত করার চেষ্টা চলছে। এ ক্ষেত্রে গণমাধ্যমেরও বড় ভূমিকা  রয়েছে। জমিয়তে উলামায়ে হিন্দ সর্বদা এই ধরণের শক্তির বিরুদ্ধে লড়াই করেছে এবং দেশ ও জাতির পক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রচারের পাশাপাশি সংবিধান ও আইনের মাধ্যমে ন্যায়বিচার অর্জনের চেষ্টা করেছে। এ ছাড়া এ ধরণের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সরকারকেও বারবার সতর্ক করা হয়েছে। বর্তমানে আমরা একই ভূমিকায় অটল আছি এবং ইতিবাচক ও স্থিতিশীল মানসিকতা নিয়ে পরিস্থিতির মোকাবিলা করা হচ্ছে বলেও মন্তব্য করেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানী।   #

এমএএইচ/পার্সটুডে 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।