বিহারে ইস্তফা দিয়ে বিজেপির সমর্থনে ফের মুখ্যমন্ত্রী হলেন নীতিশ, তীব্র সমালোচনা বিরোধীদের
https://parstoday.ir/bn/news/india-i133858-বিহারে_ইস্তফা_দিয়ে_বিজেপির_সমর্থনে_ফের_মুখ্যমন্ত্রী_হলেন_নীতিশ_তীব্র_সমালোচনা_বিরোধীদের
বিহারে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর ফের মুখ্যমন্ত্রী হয়েছেন জেডিইউ নেতা নীতিশ কুমার।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৮, ২০২৪ ১৪:৪৯ Asia/Dhaka
  • বিহারে ইস্তফা দিয়ে বিজেপির সমর্থনে ফের মুখ্যমন্ত্রী হলেন নীতিশ, তীব্র সমালোচনা বিরোধীদের

বিহারে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর ফের মুখ্যমন্ত্রী হয়েছেন জেডিইউ নেতা নীতিশ কুমার।

তিনি জেডিইউ নেতৃত্বাধীন কংগ্রেস-আরজেডি-বামফ্রন্ট  সমন্বিত মহাজোটের মুখ্যমন্ত্রী ছিলেন। নীতিশের পদত্যাগের জেরে বিজেপি বিরোধী ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল  ইনক্লুসিভ অ্যালায়েন্স’ (I.N.D.I.A) বড় ধাক্কা খেলো বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ, জেডিইউ নেতা নীতিশ কুমার কংগ্রেস-আরজেডি-বাম সমন্বিত ‘মহাজোট’ ত্যাগ করে বিজেপি নেতৃত্বাধীন ‘এনডিএ’ জোটের মাধ্যমে রাজ্যটিতে পুনরায় মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন। নীতিশ কুমার বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের অন্যতম প্রধান স্থপতি ছিলেন।   

এর মধ্য দিয়ে রাজ্যটিতে ১৭ মাসের পুরনো মহাজোট সরকারের অবসান হল। নীতিশ কুমার পদত্যাগ করার পর, তিনি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ  বিধায়ক  দলের সভায় যোগ দেন যেখানে তিনি নেতা নির্বাচিত হন। এর পর নীতীশ কুমার রাজ্যপালের কাছে গিয়ে সরকার গঠনের দাবি জানান। আজই সন্ধ্যে ৫টায় ৯মবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নীতিশ কুমার। সকালেই তিনি মহাজোট সরকারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।

ওই ইস্যুতে কংগ্রেসের সিনিয়র নেতা জয়রাম রমেশ  সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেছেন, ‘বিহারের সাধারণ মানুষ এই বেইমানকে এবং যারা তাকে নাচাচ্ছে তাদের কখনও ক্ষমা করবেন না। এই ঘটনা থেকে স্পষ্ট,  বিজেপি কংগ্রেসের ‘ভারত জোড় ন্যায় যাত্রা’ নিয়ে আতঙ্কিত, তাই নজর ঘোরানোর জন্য এই ধরণের নাটক করা হচ্ছে।’ 

 মহাজোট ছেড়ে বিজেপির সঙ্গে যাওয়ায় নীতীশ কুমারকে কটাক্ষ করেছেন ‘মিম’ প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি। তিনি বলেন, নীতীশ কুমার, তেজস্বী যাদব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত বিহারের মানুষের কাছে ক্ষমা চাওয়া। 

আজ সকালে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর নীতীশ কুমার বলেন, ‘মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে সরকার ভেঙে দিলাম। এই বিষয়ে সবদিক থেকে মতামত নিয়েছি  আমি। এর আগে ‘এনডিএ’  ছেড়ে নয়া জোট তৈরি করেছিলাম বিহারে। কিন্তু ওই  জোটে সবকিছু ঠিক চলছিল না। তাই আমি পদত্যাগ করলাম। পরবর্তী পদক্ষেপের বিষয়ে আমার ও অন্য দলের বিধায়কেরা সিদ্ধান্ত নেবেন।’ ‘ইন্ডিয়া’ জোট প্রসঙ্গে জেডিইউ নেতা বলেন, ‘আমি অনেক চেষ্টা করেছিলাম  সবাইকে এক ছাতার তলায় আনতে। কিন্তু কেউ কারোর কথা শুনছে না ওই জোটে।’ 

এদিকে, নীতিশ কুমার পুনরায় এনডিএ জোটের মুখ্যমন্ত্রী হওয়ায় আস্থা ভোটের দাবি জানিয়েছে কংগ্রেস। রাজ্য কংগ্রেস সভাপতি অখিলেশ প্রসাদ সিংয়ের দাবি- অনেক ‘জেডিইউ’ (নীতিশ কুমারের দল) বিধায়ক ক্ষুব্ধ এবং ফ্লোর টেস্টে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখে বিহারের মানুষ অপমানিত বোধ করছে বলেও মন্তব্য করেন অখিলেশ প্রসাদ সিং।#

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২৮      

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।