শিক্ষার পরিবর্তে মুসলমানদের হাতে ঝাড়ু তুলে দেয়ার ষড়যন্ত্র করছে সরকার : আজম খান
https://parstoday.ir/bn/news/india-i16984-শিক্ষার_পরিবর্তে_মুসলমানদের_হাতে_ঝাড়ু_তুলে_দেয়ার_ষড়যন্ত্র_করছে_সরকার_আজম_খান
ভারতের কেন্দ্রীয় মোদি সরকার মুসলিমদের কাছ থেকে শিক্ষার অধিকার কেড়ে নিয়ে তাদের হাতে ঝাড়ু ধরানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করলেন উত্তর প্রদেশের প্রভাবশালী মন্ত্রী আজম খান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১১, ২০১৬ ১৭:০৩ Asia/Dhaka
  • নরেন্দ্র মোদি ও আজম খান
    নরেন্দ্র মোদি ও আজম খান

ভারতের কেন্দ্রীয় মোদি সরকার মুসলিমদের কাছ থেকে শিক্ষার অধিকার কেড়ে নিয়ে তাদের হাতে ঝাড়ু ধরানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করলেন উত্তর প্রদেশের প্রভাবশালী মন্ত্রী আজম খান।

আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমে প্রকাশ, আজম খান ‘জামিয়া মিলিয়া  ইসলামিয়া’ এবং আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ‘সংখ্যালঘু’ স্ট্যাটাস ছিনিয়ে নেয়ার প্রয়াসকে ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এর অর্থ এটাই যে তারা মুসলমান বিরোধী।

দলিত নির্যাতন প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন ‘প্রয়োজনে আমাকে গুলি করুন’ তার এমন মন্তব্যের নিন্দা করে আজম খান বলেন, ‘এতেই প্রমাণ হয়েছে এ পর্যন্ত তিনিই দুনিয়ার সবচেয়ে দুর্বল বাদশাহ।’

তিনি বলেন, দেশের বাদশাহ এতই দুর্বল যে জালিমদের থামানোর পরিবর্তে খোদ নিজেকেই গুলি করার কথা বলছেন! আজম খান বলেন, ‘দেশের মুসলিমরা কখনো মুজাফফর নগর, দাদরি এবং গোধরাকান্ডের কথা ভুলতে পারবে না।’

প্রসঙ্গত, গরু রক্ষা ইস্যুতে দলিতদের ওপরে আক্রমণ প্রসঙ্গে গত ৭ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক অনুষ্ঠানে কথিত গো-সেবকদের উদ্দেশ্যে আবেগপ্রবণ হয়ে বলেন, ‘যদি আক্রমণ করতেই হয়, আমাকে করুন। যদি গুলি করতেই হয়, আমাকে গুলি করুন, আমার দলিত ভাইদের নয়। এই খেলা বন্ধ হোক।’ তিনি রাজ্য সরকারগুলোর উদ্দেশ্যে ভুয়া গো-রক্ষকদের চিহ্নিত করে তাদের শাস্তি দেয়ারও দাবি জানান।

প্রধানমন্ত্রীর এ ধরণের মন্তব্যের পর থেকে বিভিন্ন মহল থেকে সমালোচনা করা হয়েছে। কেউ কেউ একে চলচিত্রের সংলাপের মতো বলে কটাক্ষ করেছেন। কংগ্রেস এবং বহুজন সমাজবাদী পার্টির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ওই মন্তব্যকে ‘কুমিরের কান্না’ বলে অভিহিত করা হয়েছে। অন্যদিকে, গো-রক্ষকদের বিরুদ্ধে মোদির মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্টুনের মাধ্যমেও ব্যঙ্গ করে নানা মন্তব্য করা হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/১১