ভারত কখনো কোনো দেশের ওপর হামলা চালায় নি: নরেন্দ্র মোদি
https://parstoday.ir/bn/news/india-i21853-ভারত_কখনো_কোনো_দেশের_ওপর_হামলা_চালায়_নি_নরেন্দ্র_মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন, “তার দেশ কখনো অন্য কোনো দেশের ওপর হামলা চালায় নি; এমনকি কোনো দেশের ভূখণ্ডের প্রতি কখনো লোলুপ দৃষ্টি দেয় নি।” যখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তার ভাষায় বলছেন, “পাকিস্তানের ভেতরে সার্জিক্যাল স্ট্রাইক” চালিয়ে ভারত গর্বিত তখন নরেন্দ্র মোদি এ দাবি করছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৩, ২০১৬ ১০:০৪ Asia/Dhaka
  • নরেন্দ্র মোদি
    নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন, “তার দেশ কখনো অন্য কোনো দেশের ওপর হামলা চালায় নি; এমনকি কোনো দেশের ভূখণ্ডের প্রতি কখনো লোলুপ দৃষ্টি দেয় নি।” যখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তার ভাষায় বলছেন, “পাকিস্তানের ভেতরে সার্জিক্যাল স্ট্রাইক” চালিয়ে ভারত গর্বিত তখন নরেন্দ্র মোদি এ দাবি করছেন।

গতকাল (রোববার) প্রবাসী ভারতীয় কেন্দ্র নামে একটি প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে নরেন্দ্র মোদি এ দাবি করেন। তিনি জোর দিয়ে বলেন, “ভারত কখনো কারো ওপর হামলা চালায় নি; কারো ভূখন্ডের জন্য ক্ষুধার্তও নয়।” নরেন্দ্র মোদি বলেন, দুটি বিশ্বযুদ্ধে অন্যের জন্য লড়াই করতে গিয়ে ভারতের দেড় লাখ সেনা জীবন দিয়েছেন।

এদিকে, নরেন্দ্র মোদির এ বক্তব্যের সঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্যকে সাংঘর্ষিক বলে মনে করছে পাকিস্তানের গণমাধ্যম। রাজনাথ সিংয়ের বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন খবর প্রচার করেছে। এতে রাজনাথ বলেছেন, “ভারত এবং সারা বিশ্ব সার্জিক্যাল স্ট্রাইক সম্পর্কে জানে এবং এ পরাক্রম দেখিয়ে আমাদের সেনারা ভারতকে গর্বিত করেছে।” সার্জিক্যাল স্ট্রাইকের ছবি কেন প্রকাশ করা হয় নি -এমন প্রশ্নের জবাবে রাজনাথ বলেছেন, “একটু অপেক্ষা করুন এবং দেখুন।”#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩