গোটা কাশ্মির, মুজাফফরাবাদ এবং গিলগিট-বালতিস্তান ভারতের: আরএসএসের দাবি
-
(বাম থেকে তৃতীয়) আরএসএস প্রধান মোহন ভাগবত
ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনে আরএসএস (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ) প্রধান মোহন ভাগবত দাবি করেছেন, গোটা কাশ্মিরসহ মীরপুর, মুজাফফরাবাদ এবং গিলগিট-বালতিস্তান আমাদের। আজ (মঙ্গলবার) আরএসএসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মহারাষ্ট্রের নাগপুরে স্বয়ংসেবকদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে তিনি ওই দাবি করেন।
মোহন ভাগবত নরেন্দ্র মোদি সরকারের বিশেষ প্রশংসা করে বলেন, ‘মোদি সরকার খুব ভালো কাজ করছে। দেশ ধীরে ধীরে এগিয়ে চলেছে। কিন্তু বিশ্বের কিছু শক্তি ভারতের এই অগ্রগতিকে দেখতে চাচ্ছে না।’
পাকিস্তানের নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘ওরা (পাকিস্তান) বার্তা পেয়ে গেছে যে সহ্যেরও একটা সীমা আছে। পাকিস্তান কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে উৎসাহিত করছে।’
‘সার্জিক্যাল স্ট্রাইক’ নিয়ে সেনাবাহিনী এবং মোদি সরকারের প্রশংসা করে তিনি বলেন, ‘সরকার দুর্দান্ত পদক্ষেপ নিয়েছে। ভারতীয় সেনাবাহিনী সাহস দেখিয়েছে। সেনাবাহিনী পাকিস্তানকে কঠোর বার্তা দিয়েছে। এর ফলে বিশ্বে ভারতীয় সেনাদের খ্যাতি বৃদ্ধি পেয়েছে। সফল নেতৃত্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করেছে।’
মোহন ভাগবতের দাবি, ‘কাশ্মিরের অধিকাংশ এলাকা উত্তেজনা মুক্ত। যারা সহিংস কাজকর্মে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। সীমান্তের ওপার থেকে কাশ্মিরে উপদ্রব সৃষ্টিকারীদের উসকানি দেয়া হচ্ছে। এটা কোনো গোপন বিষয় নয়, গোটা বিশ্ব তা জানে।’
নাগপুরে আরএসএসের ওই অনুষ্ঠানে মহারাষ্ট্রের বিজেপি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গাদকড়ি প্রমুখ উপস্থিত ছিলেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১১