ভারতীয় সেনা আটকের খবর নিশ্চিত করেছে পাকিস্তান!
https://parstoday.ir/bn/news/india-i22993-ভারতীয়_সেনা_আটকের_খবর_নিশ্চিত_করেছে_পাকিস্তান!
পাকিস্তানি সেনাবাহিনী তাদের হাতে একজন ভারতীয় সৈন্যর আটক থাকার কথা নিশ্চিত করেছে বলে ভারতের গণমাধ্যম খবর দিয়েছে। গত ২৯ সেপ্টেম্বর কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা থেকে ওই ভারতীয় সিপাহী নিখোঁজ হয়েছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৫, ২০১৬ ০৩:২২ Asia/Dhaka
  • সিপাহী চান্দু বাবুলাল চাভান (ফাইল ছবি)
    সিপাহী চান্দু বাবুলাল চাভান (ফাইল ছবি)

পাকিস্তানি সেনাবাহিনী তাদের হাতে একজন ভারতীয় সৈন্যর আটক থাকার কথা নিশ্চিত করেছে বলে ভারতের গণমাধ্যম খবর দিয়েছে। গত ২৯ সেপ্টেম্বর কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা থেকে ওই ভারতীয় সিপাহী নিখোঁজ হয়েছিল।

সিপাহী চান্দু বাবুলাল চাভান ‘অসচেতনভাবে’ নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েছিল বলে ভারত দাবি করে আসলেও এতদিন তাকে আটকের খবর অস্বীকার করে এসেছিল ইসলামাবাদ।

একটি সামরিক সূত্রের বরাত দিয়ে ‘দি হিন্দু’ ও ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, শুক্রবার দু’দেশের মিলিটারি অপারেশন্স’র মহাপরিচালকদের মধ্যে এক টেলিফোনালাপে বিষয়টি  স্বীকার করে নিয়েছে পাকিস্তান। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে একটি হটলাইন স্থাপনের লক্ষ্যে ওই সংলাপ অনুষ্ঠিত হয়। সূত্রটি জানায়, “তারা (পাকিস্তানিরা) স্বীকার করে নিয়েছে যে,  সে (নিখোঁজ সৈন্য) তাদের কারাগারে আছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে ঢুকে জঙ্গিদের কয়েকটি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে এসেছে বলে দাবি করেছে। নয়াদিল্লি ওই অভিযানের নাম দিয়েছে সার্জিক্যাল স্ট্রাইক। পাকিস্তান অবশ্য নয়াদিল্লির এ দাবি এখনো মেনে নেয়নি।

২২ বছর বয়সি সিপাহী চাভান ‘সার্জিকাল স্ট্রাইক’র পর দুর্ঘটনাক্রমে পাকিস্তানে ঢুকে পড়ে নিখোঁজ হয়ে যায় বলে ভারতীয় গণমাধ্যম এতদিন বলে আসছিল। নয়াদিল্লির পক্ষ থেকে এ কথাও বলা হচ্ছিল যে, সিপাহী চাভান ‘সার্জিক্যাল স্ট্রাইকে’ অংশ নেননি।

তবে পাকিস্তান ভারতীয় সেনাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে বলে ভারতীয় গণমাধ্যম যে খবর দিয়েছে সে সম্পর্কে এখন পর্যন্ত পাকিস্তান সরকার বা দেশটির গণমাধ্যমের পক্ষ থেকে কোনো খবর দেয়া হয়নি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫