ভারতের ভুবনেশ্বরের হাসপাতালে আগুন: অন্তত ২৩ জনের প্রাণহানি
https://parstoday.ir/bn/news/india-i23278-ভারতের_ভুবনেশ্বরের_হাসপাতালে_আগুন_অন্তত_২৩_জনের_প্রাণহানি
ভারতের পূর্বাঞ্চলীয় উরিষ্যা রাজ্যের একটি হাসপাতালে আগুন লেগে অন্তত ২৩ ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজ্যের ভুবনেশ্বর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড সাম হাসপাতালে এ আগুন লাগে। নিহতদের বেশিরভাগ আগুনের ফলে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগে মারা গেছেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ১৮, ২০১৬ ০৩:৩৫ Asia/Dhaka
  • উদ্ধার কাজে ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে সাধারণ মানুষও অংশ নেন
    উদ্ধার কাজে ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে সাধারণ মানুষও অংশ নেন

ভারতের পূর্বাঞ্চলীয় উরিষ্যা রাজ্যের একটি হাসপাতালে আগুন লেগে অন্তত ২৩ ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজ্যের ভুবনেশ্বর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড সাম হাসপাতালে এ আগুন লাগে। নিহতদের বেশিরভাগ আগুনের ফলে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগে মারা গেছেন।

হাসপাতালের ডায়ালিসিস ওয়ার্ড থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ও মেডিসিন ওয়ার্ডে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা বিনয় বেহেরা জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।  

আগুন লাগার খবর পেয়ে হাসপাতালের সামনে জড়ো হন কৌতুহলি জনতা

হাসপাতাল সূত্র জানিয়েছে, আগুন লাগার  সময় কমপক্ষে ৫০০ রোগী হাসপাতালে ছিলেন। এ ঘটনায় আহত শতাধিক মানুষকে শহরের অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় ১২০ কর্মী আগুন নেভানোর  চেষ্টা করেন এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি এ ব্যাপারে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

২০১১ সালে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার একটি হাসপাতালে ভয়াবহ আগুনে ৮৯ ব্যক্তি প্রাণ হারিয়েছিল।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৮