ভারতভিত্তিক কল সেন্টার কেলেঙ্কারি: হাতিয়েছে ৩০ কোটি ডলার, ২০ আটক, ৬১ অভিযুক্ত
ভারত ভিত্তিক কল সেন্টারের আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার দায়ে ৬১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মার্কিন বিচার বিভাগ। এ ঘটনায় জড়িত থাকার দায়ে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব অভিযুক্তর মধ্যে আমেরিকায় বসবাসকারী এবং দেশটির বাইরে অবস্থানরত ব্যক্তিরা রয়েছেন।
ভারতভিত্তিক কল সেন্টার থেকে ভুয়া মার্কিন কর এবং অভিবাসন কর্মকর্তাদের নামে হুমকি দিয়ে অন্তত ১৫ হাজার ব্যক্তির কাছ থেকে ৩০ কোটি ডলার সমপরিমাণ অর্থ হাতিয়ে নেয়াকে কেন্দ্র করে তৎপর হয়ে উঠেছে মার্কিন আইন প্রয়োগকারী সংস্থা।
কল সেন্টারের মাধ্যমে হাতিয়ে নেয়া ভিত্তিতে ভুয়া মার্কিন কর্মকর্তারা টেলিফোনে দাবি করেছে, আমেরিকা থেকে বহিষ্কারে আদেশ বাতিল করার জন্য সুনির্দিষ্ট পরিমাণ অর্থ প্রিপেইড কার্ডে তাদের কাছে জমা দিতে হবে। এছাড়া, কথিত অপরিশোধিত আয়কর বাবদ অর্থও এভাবে ভুক্তভোগীদের কাছ থেকে হাতিয়ে নেয়া হয়েছে। দাবিকৃত অর্থ পরিশোধ না করা হলে তাদের কারাগারে পাঠানো হবে বা আমেরিকার থেকে বহিষ্কার করা হবে বলে চরম হুমকি দেয়া হয়েছে।
অভিবাসী বিশেষ করে বৃদ্ধ অভিবাসীরা এ জালিয়াতি চক্রের শিকার হয়েছেন। বখরার বিনিময়ে কল সেন্টারের মাধ্যমেই তাদের নাম-ঠিকানাসহ নানা ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে চক্রটি। এ সব তথ্য ব্যবহার করে অর্থ আদায়ের জন্য চাপ দিয়েছে ভুয়া মার্কিন কর্মকর্তারা।
এছাড়া, যারা এ জাতীয় হুমকিকে পাত্তা দেয় নি তাদের নানাভাবে নাজেহাল এবং হেনস্তা করা হয়েছে। এমনকি মিথ্যা অভিযোগ সাজিয়ে তাদের অনেকের বিরুদ্ধে মার্কিন পুলিশকে লেলিয়ে দেয়ার ঘটনাও ঘটেছে।
এদিকে, কল সেন্টার সংক্রান্ত পৃথক আরেক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে চলতি মাসে ভারতের কর্তৃপক্ষ ৭০ ব্যক্তিকে আটক করেছে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে দেশটিতে শত শত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৮