সন্ত্রাসবাদ আফগানিস্তানের শান্তির জন্য বড় বিপদ: নরেন্দ্র মোদি
-
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বলেছেন,‘আফগানিস্তানের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, আমাদের উদ্দেশ্য তাদের সাহায্য করা।’ আজ (রোববার) ভারতের পাঞ্জাবের অমৃতসরে ‘হার্ট অব এশিয়া’ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি ওই মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন,‘আফগানিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে ষষ্ঠ ‘হার্ট অব এশিয়া’ সম্মেলনের উদ্বোধন করতে পারা আমাদের জন্য খুশির বিষয়।’ আফগানিস্তানে আমরা শান্তি আনতে চাই বলেও তিনি মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন,‘এশিয় অঞ্চলে উন্নয়নের জন্য সন্ত্রাসবাদ শেষ করা প্রয়োজন। আফগানিস্তানের উন্নয়নের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আফগানিস্তানের আর্থিক উন্নতির জন্য সন্ত্রাসবাদ শেষ হওয়া প্রয়োজন। আফগানিস্তানের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে আমরা সম্মিলিতভাবে তার মোকাবিলা করবো। সন্ত্রাসবাদ আফগানিস্তানের শান্তির জন্য সবচেয়ে বড় বিপদ। সেখানে শান্তি প্রতিষ্ঠা করা প্রয়োজন।’
আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি বলেন, ‘ভারত আফগানিস্তানকে নিঃশর্তভাবে আর্থিক সহায়তা দিচ্ছে এ জন্য ভারতকে ধন্যবাদ।’
তিনি আজ সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানকে টার্গেট করে বলেন, ‘তালেবানরা স্বীকার করেছে যে, তারা পাকিস্তান থেকে সমর্থন পাচ্ছে। আফগানিস্তানে গত বছর সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে যা মেনে নেয়া যায় না।’
তিনি বলেন,‘সন্ত্রাসবাদকে নির্মূল করার জন্য পদক্ষেপ নেয়া প্রয়োজন, দোষারোপ করে কোনো কাজ হবে না। সন্ত্রাসবাদ আফগানিস্তানের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা। সন্ত্রাসবাদকে সম্মিলিতভাবে শেষ করা প্রয়োজন।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণির মধ্যে আজ রোববার দ্বিপক্ষীয় সংলাপ হয়। দুই নেতাই ‘হার্ট অব এশিয়া’ সম্মেলনে যোগ দেয়ার জন্য গতকাল শনিবার অমৃতসরে পৌঁছান।
‘হার্ট অব এশিয়া’ সম্মেলনে যোগ দেয়ার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক পরামর্শদাতা সরতাজ আজিজ শনিবার রাতে অমৃতসরে পৌঁছেছেন। আজ (রোববার) তিনি পাঞ্জাবের বিখ্যাত স্বর্ণ মন্দিরে যাবেন। আজিজের আজ রোববার পৌঁছানোর কথা থাকলেও তিনি নির্ধারিত সময়ের ১৫ ঘণ্টা আগেই ভারতে পৌঁছে যান।
ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সরতাজ আজিজ বলেন,‘যদি ভারত চায় তাহলে সন্ত্রাসবাদ নিয়ে ব্যাপক আলোচনার জন্য তারা তৈরি রয়েছে।’ সম্মেলনে কাশ্মির ইস্যু তোলা হবে না বলে তিনি জানান।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক পরামর্শদাতা সরতাজ আজিজসহ ইরান, কিরগিজস্তান, আফগানিস্তান এবং স্লোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রী শনিবার সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী তাদের বলেন, আফগানিস্তান এবং এলাকায় স্থিরতার জন্য সন্ত্রাসবাদ এবং সহিংসতা শেষ করা প্রয়োজন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পররাষ্ট্রমন্ত্রীদের স্বাগত জানান এবং আফগানিস্তানকে তার বর্তমান সমস্যা থেকে বের হওয়ার জন্য এলাকার সমস্ত দেশের সমষ্টিগত দায়িত্বের প্রয়োজনীয়তার ওপরে গুরুত্ব আরোপ করেন।’
প্রধানমন্ত্রী আফগানিস্তান ও আমাদের আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা ও উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে সন্ত্রাসবাদ এবং সহিংসতা নির্মূল করার ওপরে জোর দিয়েছেন বলেও বিকাশ স্বরূপ বলেন।#
পার্সটুডে/এমএএএইচ/জিএআর/৪