মোদি-অমিতের মুণ্ডচ্ছেদ করলে উপযুক্ত পুরস্কার দেয়া হবে: তরুণ দেও
-
বিজেপির সভাপতি অমিত শাহ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি সভাপতি অমিত শাহের মুণ্ডচ্ছেদ করতে পারলে তাকে উপযুক্ত পুরস্কার দেয়ার কথা ঘোষণা করেছেন উত্তর প্রদেশের সমাজবাদী পার্টি’র (সপা) এক নেতা। আজ (শনিবার) গণমাধ্যমে প্রকাশ, সপা’র যুব শাখার সাবেক নেতা তরুণ দেও যাদব ওই ঘোষণা দিয়েছেন।
তরুণ দেও যাদব বাগপত জেলার যুব শাখার সভাপতি ছিলেন। তবে বর্তমানে রাজ্যের সপা সভাপতি শিবপাল যাদব জেলা স্তরে সমস্ত শাখা ভেঙে দিয়েছেন।
এক ভিডিও চিত্রের বরাত দিয়ে গণমাধ্যমে প্রকাশ, তরুণ দেও যাদব নামে ওই সপা নেতা অমিত শাহ এবং নরেন্দ্র মোদিকে নোট বাতিলের জন্য জরুরি অবস্থার মতো পরিস্থিতি সৃষ্টিকারী এবং ২০০২ সালে গোধরা দাঙ্গায় দোষী বলে অভিহিত করেন। এ সংক্রান্ত এক ভাইরাল ভিডিওতে বাগপতে মোদি এবং অমিত শাহকে সমাবেশ করে দেখানোর চ্যালেঞ্জও দেয়া হয়েছে। সপা যুবকর্মীরা নরেন্দ্র মোদির কুশপুতল পুড়িয়ে বিক্ষোভ প্রকাশ করবে বলেও তরুণ দেও যাদব ঘোষণা দিয়েছেন।
গণমাধ্যমের সঙ্গে দেয়া এক সাক্ষাতকারেও তরুণ দেও যাদব মোদি এবং অমিত শাহ’র মুণ্ডচ্ছেদে উপযুক্ত পুরস্কার দেয়ার কথা স্বীকার করেছেন। রাজ্যের সপা মুখপাত্র মুহাম্মদ শাহীদের কাছে তরুণ দেও যাদবের মন্তব্য সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ওই ধরণের লোকেদের বিবৃতির সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে, বাগপতের পুলিশ সুপার শঙ্কর রাই বলেন, তরুণের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
বিজেপি মহাসচিব বিজয় বাহাদুর পাঠক বলেছেন, সপাতে এ ধরণের লোকে ভরে গেছে। যিনি প্রধানমন্ত্রী সম্পর্কে এ ধরণের কথা বলতে পারেন তার বিরুদ্ধে মুলায়ম সিং যাদব (সপা প্রধান) এবং অখিলেশ যাদব (সপা নেতা ও মুখ্যমন্ত্রী) কী পদক্ষেপ নেন সেটিই এখন দেখার।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১০