প্রণবের সঙ্গে দালাই লামার বৈঠক: ক্ষুব্ধ চীন, আপত্তি নাকচ করল ভারত
https://parstoday.ir/bn/news/india-i28459-প্রণবের_সঙ্গে_দালাই_লামার_বৈঠক_ক্ষুব্ধ_চীন_আপত্তি_নাকচ_করল_ভারত
তিব্বতি ধর্মগুরু দালাই লামা ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে চীন। দেশটি বলেছে, ভারতকে তাদের মূল স্বার্থকে সম্মান করা উচিত যাতে দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো বাধা না আসে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ১৭, ২০১৬ ০৭:৪৩ Asia/Dhaka
  • প্রণবের সঙ্গে দালাই লামার বৈঠক: ক্ষুব্ধ চীন, আপত্তি নাকচ করল ভারত

তিব্বতি ধর্মগুরু দালাই লামা ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে চীন। দেশটি বলেছে, ভারতকে তাদের মূল স্বার্থকে সম্মান করা উচিত যাতে দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো বাধা না আসে।

গতকাল (শুক্রবার) ভারতীয় পররাষ্ট্র দফতরের মুখপাত্র বিকাশ স্বরূপ অবশ্য চীনের আপত্তিকে নাকচ করে দিয়ে বলেছেন, ‘দালাই লামা একজন শ্রদ্ধেয়, সম্মানীয় ধর্মীয় নেতা। উনি শিশু কল্যাণে উৎসর্গ করা একটি অরাজনৈতিক অনুষ্ঠানে এসেছিলেন।

একইদিন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেন, ‘সম্প্রতি চীনের আনুষ্ঠানিক কঠোর বিরোধিতা সত্ত্বেও ভারত তাদের প্রেসিডেন্ট ভবনে চতুর্দশ দালাই লামার দর্শনের ব্যবস্থা করতে তৎপর হয়ে ওঠে। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেয়াসহ ভারতের প্রেসিডেন্টের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেন। চীন এতে অত্যন্ত অসন্তুষ্ট এবং এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করছেন তিব্বতি ধর্মগুরু দালাই লামা

গেং শুয়াং বলেন, ‘দালাইলামা রাজনৈতিক নির্বাসনে রয়েছেন এবং দীর্ঘ সময় ধরে তিনি চীন বিরোধী তৎপরতায় শামিল রয়েছেন। তিনি ধর্মের নামে তিব্বতকে চীন থেকে আলাদা করার চেষ্টা করছেন। তার সঙ্গে অন্য দেশের কর্তৃপক্ষের সম্পর্কের কঠোর বিরোধিতা করছে চীন।’

চীনা মুখপাত্র আরো বলেন, ‘আমরা ভারতীয় পক্ষকে বলতে চাই দালাইলামাকে চীন বিরোধী বিচ্ছিন্নতাবাদী হিসেবে দেখতে, চীনের মূল স্বার্থ এবং উদ্বেগকে সম্মান জানাতে এবং ভারত ও চীনের মধ্যে নেতিবাচক প্রভাব সৃষ্টিকারী বিষয়কে দূর করতে ভারত সঠিক পদক্ষেপ গ্রহণ করুক।

এর আগে অরুণাচল প্রদেশে তিব্বতি ধর্মগুরুকে আমন্ত্রণের ফলে সীমান্ত এলাকায় শান্তি এবং স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হবে বলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং হুঁশিয়ারি দিয়েছিলেন। সেবারও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ চীনের আপত্তিকে নাকচ করে দিয়েছিলেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৭