জাতির উদ্দেশে মোদির ভাষণ : মমতাসহ বিরোধী নেতাদের তীব্র সমালোচনা
-
অরবিন্দ কেজরিওয়াল- নরেন্দ্র মোদি- মমতা বন্দোপাধ্যায়
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর উদ্দেশে শনিবার রাতে যে ভাষণ দিয়েছেন তার তীব্র সমালোচনা করেছে বিভিন্ন বিরোধীদল। ভারতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলসহ ব্যাংক ও এটিএমে বিধি-নিষেধের কারণে সাধারণ মানুষ যে দুর্ভোগে পড়েছেন সে বিষয়ে প্রধানমন্ত্রী কোনো সুরাহার আশ্বাস দিতে পারেননি বলে অভিযোগ করা হয়েছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেছেন, ‘মোদি বাবু, ফাঁকা কলসির আওয়াজ বেশি।’ প্রধানমন্ত্রীর ভাষণকে প্রাণহীন, ভিত্তিহীন বলে কটাক্ষ করে তিনি বলেন, ‘নোট বাতিল হওয়ার পর টাকা তুলতে গিয়ে ব্যাংকের বাইরে লাইনে ১১২ জনের বেশি মানুষ মারা গেলেও তাদের প্রতি শ্রদ্ধাটুকু জানাতেও প্রধানমন্ত্রী ভুলে গেছেন।’
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মোদি বাবু ৫০ দিন সময় চেয়েছিলেন সমস্যা মেটাতে। কিন্তু তিনি চরমভাবে ব্যর্থ হয়েছেন।‘ মমতা প্রশ্ন তুলে বলেছেন, ‘গত ৫০ দিনে কত কালো টাকা উদ্ধার হয়েছে প্রধানমন্ত্রী তা বললেন না কেন? ৫০ দিনের দুর্ভোগের শেষে দেশবাসী কী পেল?’
প্রধানমন্ত্রী তার বক্তব্যে সাধারণ মানুষকে যেসব সুবিধা দেয়ার কথা বলেছেন তা আসলে অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে বলার কথা বলে মমতা মন্তব্য করেন। এ ক্ষেত্রে প্রাক-বাজেট বক্তব্য থেকে অর্থমন্ত্রী বঞ্চিত হলেন এবং প্রধানমন্ত্রী নিজেই অর্থমন্ত্রীর ভূমিকা গ্রহণ করেছেন বলে তিনি মন্তব্য করেন।
অন্যদিকে, কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে প্রধানমন্ত্রীর বক্তব্যে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, ‘নোট বাতিলের ধাক্কায় অর্থনীতি বিকল হয়ে গেলেও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নেরই জবাব পাওয়া যায়নি। প্রধানমন্ত্রীর কাছে দেশবাসীর প্রশ্ন ছিল, কত লাখ কোটি কালো টাকা (অবৈধ টাকা) উদ্ধার হয়েছে গত ৫০ দিনে? এ সম্পর্কে তিনি একটি কথাও বললেন না কেন? আমরা ওনার ভাষণে হতাশ।’
সিপিএমের মহাসচিব সীতারাম ইয়েচুরি বলেন, ‘প্রায় ৪৫ মিনিটের ভাষণে এক প্রচারকের মতো বক্তব্য দিয়েছেন। এটি ছিল এক বাজেট ভাষণের মতো।’
পশ্চিমবঙ্গের সাবেক অর্থমন্ত্রী ও সিপিআই(এম) নেতা অসীম দাশগুপ্ত বলেন, ‘কালো টাকা, দুর্নীতি কতটা দূর হল, কবে থেকে ব্যাংকিং ব্যবস্থা স্বাভাবিক হবে, ব্যাংকে লাইন দিতে হবে না, প্রয়োজনমতো এটিএম থেকে টাকা তোলা যাবে, কত অবৈধ টাকা উদ্ধার হল? প্রধানমন্ত্রী এ সব প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি।’
দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে টুইটার বার্তায় বলেছেন, ‘মোদিজি গোটা দেশবাসীকে ধোঁকা দিয়েছেন। এক পয়সাও কালো ধন (অবৈধ অর্থ) পাওয়া যায়নি। দুর্নীতিও মোটেও কমেনি। মোদিজির বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণ শেষ হয়ে গেছে।’
কেজরিওয়াল আরও বলেন, ‘মোদিজি বিজেপিমুক্ত ভারতের জন্য কাজ করছেন, কংগ্রেসমুক্ত ভারতের জন্য নয়। লোকেরা বিজেপিকে এত ঘৃণা করছে যে, আগামী ২০ বছর কেউ বিজেপিকে ভোটই দেবে না।’
কেজরিওয়াল বলেন, ‘মোদিজির কথা অন্তসারশূন্য মনে হয়েছে। মানুষ এখন তার কথা বিশ্বাস করছে না। আন্তর্জাতিক স্তরেও তিনি উপহাসের পাত্র হয়েছেন।’
বিরোধীরা এভাবে প্রধানমন্ত্রীর সমালোচনায় মুখর হলেও বিজেপি নেতা ও কেন্দ্রীয়মন্ত্রী পীযূষ গোয়েল প্রধানমন্ত্রীর হয়ে সাফাইতে বলেছেন, ‘প্রধানমন্ত্রীই বলেছেন, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। এরইমধ্যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। ব্যাংকের সামনে আর তেমন লাইনে দাঁড়াতে হয় না।’ অবৈধ টাকা, জাল টাকা, দুর্নীতি রুখতে সরকার বড় পদক্ষেপ নিয়েছে বলেও তিনি দাবি করেছেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১