আগে বিজেপিশাসিত রাজ্যে শ্মশান তৈরি করুন: প্রধানমন্ত্রীকে মায়াবতী
-
ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী এবং বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতী
ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী এবং বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতী আজ বলেছেন, প্রধানমন্ত্রীর আগে বিজেপিশাসিত রাজ্যের সমস্ত গ্রামে শ্মশান ঘাট তৈরি করা উচিত তারপরে উত্তর প্রদেশের কথা বলা উচিত। আজ (মঙ্গলবার) মায়াবতী সাংবাদিকদের সামনে ওই মন্তব্য করেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কবরস্থান-শ্মশানঘাট সম্পর্কিত বক্তব্যের পাল্টা জবাবে ওই মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর এ ধরণের বক্তব্যের পরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের মুখপাত্র আনন্দ শর্মার অভিযোগ, ‘প্রধানমন্ত্রী বিভিন্ন নির্বাচনি জনসভায় আপত্তিকর মন্তব্য করে পরিবেশ বিষিয়ে তুলছেন। নির্বাচন কমিশনের উচিত বিষয়টি আমলে নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য খতিয়ে দেখে তাকে, তার দলকে নোটিস পাঠানো। আমাদের সংবিধানে ধর্ম বা জাতপাতের আবেগে সুড়সুড়ি দিয়ে দেশে বিভাজন ঘটানোর অনুমতি দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী সংবিধান বা আইনের ঊর্ধ্বে নন।’
প্রধানমন্ত্রী সাম্প্রদায়িক টেনশন ছড়িয়ে সমাজে বিভাজন ঘটানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ভাষণে কবরস্থান, শ্মশানের কথা যেভাবে উঠেছে, তাতেই তার মানসিকতা স্পষ্ট হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যের নিন্দা করেছে সপা মুখপাত্র জুহি সিং। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যে ধরণের কথা বলেছেন আমরা তার নিন্দা জানাচ্ছি।’
আজ (মঙ্গলবার) মায়াবতী বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি ভুল বিবৃতি দিয়েছেন। গত ৩/৪ দিন ধরে তিনি নিজের ভাষণে জাতি-ধর্মের দৃষ্টিকোণ টেনে আনছেন। প্রথমে তাকে বিজেপি শাসিত রাজ্যে প্রত্যেক গ্রামে হিন্দুদের জন্য শ্মশান ঘাট তৈরি করা উচিত এবং তারপরে উত্তর প্রদেশের কথা বলা উচিত। বিজেপি’র কাছে এ কথা স্পষ্ট হয়েছে যে, উত্তর প্রদেশে তারা সরকার গড়তে পারছে না।’
তিনি বলেন, উত্তর প্রদেশে বিএসপি শাসনামলে প্রত্যেক ধর্মকে সম্মান দেয়া হয়েছে। তা সে উৎসবের সময় বিদ্যুৎ সরবরাহ হোক বা আইনশৃঙ্খলার বিষয় হোক। মায়াবতী বলেন, ‘প্রধানমন্ত্রী রাজনৈতিক স্তর নীচে নামিয়ে ফেলেছেন। এটা দেশের রাজনীতির জন্য ভালো নয়। উনি জাতি-ধর্মের কথা বলছেন, কারণ উনি বুঝতে পেরেছেন নির্বাচনে তার দল পরাজিত হতে চলেছে।’
বিজেপিকে সাম্প্রদায়িক এবং বর্ণভিত্তিক দল বলে অভিহিত করে ওই দল সম্প্রীতিতে বিশ্বাস করে না বলে তিনি অভিযোগ করেন। মায়াবতী বলেন, ‘বিজেপি একজন মুসলিমকেও নির্বাচনে প্রার্থী করেনি। কিন্তু বিএসপি সব ধর্মকে সম্মান করে। আমরা কখনো কারো প্রতি পক্ষপাত বা বৈষম্য করিনি।’ তার সরকারের সময় সমস্ত ধর্মীয় উৎসবে বিদ্যুৎ, পানি সরবরাহ এবং শক্তিশালী আইনশৃঙ্খলা ব্যবস্থা ছিল বলেও মন্তব্য করেন মায়াবতী।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২০