'জম্মু থেকে একমাসের মধ্যে রোহিঙ্গা ও বাংলাদেশিদের বিতাড়ন, নইলে হত্যা'
https://parstoday.ir/bn/news/india-i35862-'জম্মু_থেকে_একমাসের_মধ্যে_রোহিঙ্গা_ও_বাংলাদেশিদের_বিতাড়ন_নইলে_হত্যা'
জম্মু-কাশ্মিরে একটি উগ্রবাদী ব্যবসায়িক সংগঠন রাজ্য সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি এক মাসের মধ্যে জম্মু থেকে রোহিঙ্গা ও বাংলাদেশিদের বিতাড়িত করা না হয় তাহলে তাদের হত্যা করা শুরু হবে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ০৮, ২০১৭ ১২:০৯ Asia/Dhaka
  • চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সংবাদ সম্মেলন
    চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সংবাদ সম্মেলন

জম্মু-কাশ্মিরে একটি উগ্রবাদী ব্যবসায়িক সংগঠন রাজ্য সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি এক মাসের মধ্যে জম্মু থেকে রোহিঙ্গা ও বাংলাদেশিদের বিতাড়িত করা না হয় তাহলে তাদের হত্যা করা শুরু হবে।

চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ (সিসিআই) নামের সংগঠনটির অভিযোগ, জম্মুতে এসে বসতি স্থাপন করা রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমরা অপরাধী এবং তারা ড্রাগ পাচারের সঙ্গে জড়িত।

আজ (শনিবার) গণমাধ্যমে প্রকাশ, সংগঠনটির জম্মুর সভাপতি রাকেশ গুপ্তা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে জননিরাপত্তা আইনের মাধ্যমে মামলা দায়ের করতে হবে এবং এক মাসের মধ্যে তাদের বাইরে পাঠাতে হবে।’

তিনি আল্টিমেটাম দিয়ে বলেন, ‘যদি সরকার তা করতে ব্যর্থ হয় তাহলে সংগঠনের কাছে এ ধরণের অপরাধীদের চিহ্নিত করে হত্যা আন্দোলন করা ছাড়া কোনো পথ খোলা থাকবে না।’

রাকেশ গুপ্তা বলেন, ‘সিসিআই প্রথম সংগঠন যারা ওইসকল লোকেদের নির্বাসিত করার দাবি জানিয়েছে।’

তিনি বলেন, ‘চেম্বার নিজ লোকেদের কল্যাণ এবং নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং এটা তাদের কর্পোরেট সামাজিক দায়িত্বের অংশ।’  

জম্মু-কাশ্মিরের সংবিধান ও আইন অনুসারে দেশের বাকি অংশের বাসিন্দারা এখানে এসে বসতি স্থাপন করতে পারে না। রাজ্যে কমপক্ষে ১০ হাজার মুসলিম শরণার্থী রয়েছে এদের মধ্যে অধিকাংশের বাস হিন্দুবহুল জম্মুতে।  

এর আগে জম্মু-কাশ্মির প্যান্থার্স পার্টি, ডোগরা ফ্রন্ট ও শিবসেনা’ সংগঠনের পক্ষ থেকে রোহিঙ্গা মুসলিমদের জম্মু থেকে বের করে দেয়ার দাবিতে আন্দোলন করা হয়েছে।

জম্মুতে কয়েকটি রোহিঙ্গা শিশু

ভারতে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সম্প্রতি রোহিঙ্গা মুসলিমদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রস্তুতি নিয়েছে। ওই শরণার্থীদের গ্রেফতার করে মিয়ানমারে ফেরত পাঠানো হবে।

গত ৩ এপ্রিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব মহর্ষির সভাপতিত্বে এক বৈঠকে ভারতে 'অবৈধভাবে' বাস করা রোহিঙ্গা মুসলিমদের চিহ্নিতকরণ, গ্রেফতারি এবং তাদের দেশের বাইরে পাঠানো সংক্রান্ত কৌশল নিয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা সূত্রে প্রকাশ, ফরেনার্স অ্যাক্ট অনুসারে রোহিঙ্গাদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠানো হবে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৮