চীনের সঙ্গে ভারতের টানাপড়েন বাড়াবে যে সেতু
https://parstoday.ir/bn/news/india-i38706-চীনের_সঙ্গে_ভারতের_টানাপড়েন_বাড়াবে_যে_সেতু
ভারতের লোহিত নদীর ওপর ৯.১৫ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণের কাজ শেষ হয়েছে। দেশটির সবচেয়ে দীর্ঘ এ সেতু চীন সীমান্তের বিতর্কিত অরুণাচল প্রদেশের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অসম রাজ্যের সংযোগ স্থাপন করবে। খুব শিগগিরই এই সেতু উদ্বোধন করা হবে বলে নয়াদিল্লির কর্মকর্তারা জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৬, ২০১৭ ০৬:১৬ Asia/Dhaka
  • ভারতের দীর্ঘতম সেতু ধোলা-সাদ্যা
    ভারতের দীর্ঘতম সেতু ধোলা-সাদ্যা

ভারতের লোহিত নদীর ওপর ৯.১৫ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণের কাজ শেষ হয়েছে। দেশটির সবচেয়ে দীর্ঘ এ সেতু চীন সীমান্তের বিতর্কিত অরুণাচল প্রদেশের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অসম রাজ্যের সংযোগ স্থাপন করবে। খুব শিগগিরই এই সেতু উদ্বোধন করা হবে বলে নয়াদিল্লির কর্মকর্তারা জানিয়েছেন।

ভারতের অরুণাচল প্রদেশকে নিজের অবিচ্ছেদ্য অংশ মনে করে চীন। বেইজিং এই প্রদেশকে ‘দক্ষিণ তিব্বত’ বলে অভিহিত করে থাকে।  

সম্প্রতি তিব্বতের বিতর্কিত ধর্মগুরু দালাই লামাকে অরুণাচল প্রদেশ সফরের যে অনুমতি ভারত দিয়েছে তার তীব্র বিরোধিতা করেছে চীন। একইসঙ্গে বেইজিং অভিযোগ করেছে, ওই প্রদেশে সামরিক শক্তি জোরদার করছে নয়াদিল্লি। কিন্তু ভারত বলছে, নিজের ভূমিতে যেকোনো কিছু করার অধিকার তার রয়েছে।

ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু যিনি অরুণাচল প্রদেশের অধিবাসী তিনি সাংবাদিকদের বলেছেন, “চীন যখন আরো বেশি আগ্রাসী হয়ে উঠেছে তখন নিজেদের দেশকে রক্ষার জন্য আমাদেরকে অবকাঠামোগত দিক দিয়ে শক্তিশালী হতে হবে।”

রিজিজু এর আগে বলেছিলেন, “কারো ভালো লাগুক আর না লাগুক অরুণাচল প্রদেশ ভারতের অংশ এবং এই বাস্তবতার কোনো পরিবর্তন হবে না।”

ভারত মনে করছে সেতুটি অরুণাচল প্রদেশের পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে সহায়তা করবে

লোহিত নদীর ওপর ‘ধোলা-সাদ্যা সেতুর নির্মাণকাজ ২০১১ সালে শুরু হয়েছিল এবং নদীর অতিরিক্ত স্রোতসহ আরো কিছু চ্যালেঞ্জ সত্ত্বেও এটির নির্মাণকাজ নির্ধারিত সময়ে শেষ হয়েছে।

এই সেতু নির্মাণের ফলে দূরবর্তী অরুণাচল প্রদেশের উন্নয়ন কাজ ত্বরান্বিত হবে বলে নয়াদিল্লি আশা প্রকাশ করেছে। তবে বেইজিং অভিযোগ করেছে, এই সেতু দিয়ে সহজে চীন সীমান্তে সামরিক সরঞ্জাম আনতে চায় নয়াদিল্লি। ভারতের একজন সামরিক প্রকৌশলী বিবিসিকে বলেছেন, ধোলা-সাদ্যা সেতু দিয়ে ৬০ টন ওজনের ট্যাংক পারাপার করা যাবে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৬