শত্রুদের নিষেধাজ্ঞা অকার্যকর করতে নয়া প্রযুক্তিতে বিনিয়োগ জরুরি: পেজেশকিয়ান
-
পেজেশকিয়ান
পার্সটুডে- ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ করা হলে তেল ও গ্যাসের ওপর দেশের নির্ভরতা কমবে। এর ফলে শত্রুরা ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারবে না।
ইরানের মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, পেজেশকিয়ান আজ (রোববার) এক অনুষ্ঠানে শহীদ আলী লারিজানিসহ সব শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, ইরানের নাম ও মর্যাদা সমুন্নত রাখার জন্য তারা নিজেদের মূল্যবান জীবন উৎসর্গ করেছেন।
ইরানের প্রেসিডেন্ট বিজ্ঞানীসহ বিশিষ্ট ব্যক্তিদের হত্যার পাশাপাশি দেশের বৈজ্ঞানিক ও গবেষণা কেন্দ্রগুলোকে টার্গেটের নিন্দা জানান।
তিনি বলেন, শত্রুরা জানে তারা কাদের হত্যা করছে। তারা এমন ব্যক্তিদের টার্গেট করছে, যারা সমাজের জটিল সমস্যা সমাধানে ভূমিকা রাখেন এবং মানুষের সমস্যার সমাধানের পথ দেখান। যারা আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতায় ডুবে থাকে, তাদের তারা টার্গেট করে না। ইরানের সক্ষমতার বিরোধিতা থেকেই তারা দেশের বৈজ্ঞানিক কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করছে।
পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরানকে রক্ষা করতে আরও বেশি ঐক্য ও সংহতি প্রয়োজন। তিনি বলেন, সর্বোচ্চ নেতার নীতিমালার কাঠামোর মধ্যে থেকেই আমাদের এগিয়ে যেতে হবে এবং দেশের প্রবৃদ্ধি ও উন্নয়নের পথ সুগম করার চেষ্টা করতে হবে।
তিনি আরও বলেন, যুদ্ধ এবং যুদ্ধের ছায়া দেশ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। কারণ এমন পরিস্থিতিতে ইরানের উন্নয়ন ও অগ্রগতির কথা চিন্তা করা সম্ভব নয়।#
পার্সটুডে/এসএ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।