‘সিকিম সীমান্তে ভারতীয় বাঙ্কার বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে চীন’
ভারতীয় সেনাবাহিনীর পুরনো বাঙ্কার বুলডোজার গুড়িয়ে দিয়েছে চীন। সিকিমের চীন-ভুটান-ভারতের ত্রিদেশীয় সীমান্তে এটি ভেঙে দেয়া হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে দাবি করা হয়েছে। ভারতীয় সরকারি সূত্রের বরাত দিয়ে খবরটি প্রকাশিত হয়েছে।
খবরে বলা হয়েছে, গত মাসের প্রথম দিকে সিকিমের ডোকা লা এলাকায় এ ঘটনা ঘটেছে। ভারতীয় সূত্রগুলো আজ (বুধবার) জানিয়েছে, এ ঘটনাকে কেন্দ্র করে সিকিম সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং দু দেশের সেনারা মুখোমুখি অবস্থায় চলে গিয়েছিল।
সিকিম সীমান্তে ভারত অনেক নতুন নতুন বাঙ্কার তৈরির পাশাপাশি পুরনো বাঙ্কারগুলোর মান উন্নত করেছে। চীনা গণমুক্তি ফৌজ বা পিএলএ’র বিরুদ্ধে অবস্থান জোরদারে এ পদক্ষেপ নিয়েছে ভারত। কিন্তু ভারতের এ পদক্ষেপকে ভালো চোখে দেখেনি পিএলএ।
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মির থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত ৩,৪৮৮ কিলোমিটার সীমান্তের মধ্যে ২২০ কিলোমিটার পড়েছে সিকিমে।#
পার্সটুডে/মূসা রেজা/২৮