রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার পক্ষে বরুণ গান্ধী: সমালোচনা করলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী
https://parstoday.ir/bn/news/india-i46629-রোহিঙ্গাদের_আশ্রয়_দেয়ার_পক্ষে_বরুণ_গান্ধী_সমালোচনা_করলেন_ভারতের_কেন্দ্রীয়_মন্ত্রী
রোহিঙ্গা শরণার্থীদের ভারতে আশ্রয় দেয়ার পক্ষে কথা বলায় বিজেপির সংসদ সদস্য (এমপি) বরুণ গান্ধীর দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী হংসরাজ আহির।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৭, ২০১৭ ১৫:৫৯ Asia/Dhaka
  • বিজেপির সংসদ সদস্য বরুণ গান্ধী
    বিজেপির সংসদ সদস্য বরুণ গান্ধী

রোহিঙ্গা শরণার্থীদের ভারতে আশ্রয় দেয়ার পক্ষে কথা বলায় বিজেপির সংসদ সদস্য (এমপি) বরুণ গান্ধীর দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী হংসরাজ আহির।

বরুণ গান্ধী সম্প্রতি এক সংবাদপত্রে রোহিঙ্গাদের ভারতে আশ্রয় দেয়ার পক্ষে মত প্রকাশ করে নিবন্ধ লেখেন এবং জাতীয় শরণার্থী নীতি প্রণয়নের ওপর জোর দেন।

এরপরেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন হংসরাজ আহির। তিনি বলেন, যিনি দেশপ্রেমিক হবেন, দেশের কল্যাণের কথা ভাববেন, তিনি এ ধরণের বিবৃতি দেবেন না।

বরুণ অবশ্য পাল্টা জবাবে বলেছেন, শরণার্থীদের প্রতি সহানুভূতিশীল হয়েই তাদের আশ্রয় দেয়ার কথা বলেছি। জাতীয় নিরাপত্তা যাতে ক্ষুণ্ণ না হয় সেজন্য তাদের পরীক্ষা করা যেতে পারে।

রোহিঙ্গা ইস্যুতে বরুণ গান্ধীকে তার অবস্থানের ব্যাপারে দলের কাছে জবাবদিহি করতে হতে পারে। দলের পক্ষ থেকে অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনো কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। বিজেপিতে বরুণ গান্ধীকে কিছুটা উপেক্ষা করা হয় এজন্য তিনি ক্ষুব্ধ বলে বিশ্লেষকরা মনে করেন। সেজন্য বরুণের ওই নিবন্ধটি তার অসন্তুষ্টির সঙ্গে যোগ করতে দেখতে চাচ্ছেন তারা।  

বরুণ গান্ধী বলেন, একটি জাতীয় শরণার্থী নীতি তৈরি করা প্রয়োজন যেন যারা নির্যাতনের ফলে পালিয়ে আসা এবং দারিদ্রের জন্য চলে এসে আশ্রয় নেয়া লোকদের মধ্যে পার্থক্য করা যায়।

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী হংসরাজ আহির 

তিনি বলেন, ‘রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দেয়া অথবা না দেয়ার আগে, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে মনে রাখা উচিত। আতিথেয়তা এবং আশ্রয়ের প্রথা অনুসরণ করে, আমাদের আশ্রয় দেয়ার বিষয়টি নিশ্চিতভাবে অব্যাহত থাকা উচিত।

দিল্লিতে আশ্রয় নেয়া অধিকাংশ আফগান ও মিয়ানমার শরণার্থীদের সঙ্গে ঘর মালিকরা বৈষম্যমূলক আচরণ করেন বলে তিনি মন্তব্য করেছেন।

কিছুদিন আগে অসমের বিজেপি নেত্রী ও মুসলিম মুখ বেনজির আরফান সামাজিক যোগাযোগ মাধ্যমে রোহিঙ্গাদের সমর্থনে মুখ খোলায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে, সম্প্রতি বাংলাদেশ সীমান্ত দিয়ে ত্রিপুরায় চারজন রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাদের ফেরত পাঠিয়ে দিয়েছে। ত্রিপুরায় বাংলাদেশ সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটতে পারে, বিএসএফ এমন ৭৫ টি জায়গা চিহ্নিত করেছে।

বিএসএফের এক কর্মকর্তা বলেন, চলতি বছরে এখনো পর্যন্ত অসম ও ত্রিপুরায় বাংলাদেশ সীমান্ত থেকে ১৭ জন রোহিঙ্গা মুসলিম ধরা পড়ায় তাদেরকে পুলিশের হাতে হস্তান্তর করে পদক্ষেপ নেয়া হয়েছে।

গত আগস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন রাজ্যে রোহিঙ্গাদের চিহ্নিত করে ফেরত পাঠানোর যে নির্দেশিকা পাঠানো হয়েছিল তার পর থেকে এই প্রথম রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ঘটনা ঘটল।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৭