মানহানি মামলায় আগাম জামিন পেলেন বিজেপি নেতা মুকুল রায়
-
বিজেপি নেতা মুকুল রায়
ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মানহানির মামলায় আগাম জামিন পেলেন বিজেপি নেতা মুকুল রায়।
আজ (বুধবার) ১২ নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পূর্বা কুণ্ডুর এজলাসে মামলাটির শুনানি হলে তাকে এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেয়া হয়। আগামী ৩০ জানুয়ারি ওই মামলার পরবর্তী শুনানি হবে।
আজ আদালত থেকে জামিন পাওয়ার পরে মুকুল রায় সাংবাদিকদের বলেন, ‘মামলার গভীরতায় কিছু না থাকায় আমাকে ব্যক্তিগত বন্ডে জামিন দেয়া হয়েছে।’
বিজেপি নেতা মুকুল রায় অবশ্য ‘বিশ্ব বাংলা’ ও ‘জাগো বাংলা’ সংবাদপত্রের মালিকানা নিয়ে যে বিতর্কিত মন্তব্য করেছিলেন তাতে অনড় রয়েছেন। ওই মন্তব্যের কারণেই তাকে মানহানি মামলার মুখে পড়তে হয়েছে।
পশ্চিমবঙ্গ সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে পরিচিত ব্র্যান্ড ‘বিশ্ববাংলা’। অন্যদিকে, তৃণমূলের দলীয় মুখপত্র হল ‘জাগো বাংলা’।
তিনি বলেন, ‘আজও আমি এখানে দাঁড়িয়ে আগেকার পুরোনো মন্তব্যে অটল রয়েছি। আমি যা বলেছি তা তথ্য ছাড়া বলিনি।’
গত ১০ নভেম্বর কোলকাতার এক জনসভায় মুকুল রায় ‘বিশ্ব বাংলা’ ও ‘জাগো বাংলা’র মালিকানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বলে দাবি করলে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক সৃষ্টি হয়।
গত ২৫ নভেম্বরও কোলকাতায় বিজেপির রাজ্য দফতরে এক সংবাদ সম্মেলনে মুকুল রায় ফের অভিষেক সম্পর্ক অসম্মানজনক মন্তব্য করেন বলে অভিযোগ।
এসব ঘটনায় গত ২৮ নভেম্বর কোলকাতা ব্যাঙ্কশাল কোর্টে মুকুল রায়ের বিরুদ্ধে ফৌজদারি ও মানহানির মামলা দায়ের করেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ওই মামলার জেরে আজ আদালতে উপস্থিত হয়ে বিজেপি নেতা মুকুল রায় কিছু বলার আবেদন করলে বিচারক তা খারিজ করে দেন। পরবর্তী শুনানি ৩০ জানুয়ারি।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২০