সাম্প্রদায়িক শক্তি ভারতকে বিভক্ত করতে চাচ্ছে: ফিরহাদ হাকিম
https://parstoday.ir/bn/news/india-i50255-সাম্প্রদায়িক_শক্তি_ভারতকে_বিভক্ত_করতে_চাচ্ছে_ফিরহাদ_হাকিম
সাম্প্রদায়িক শক্তি ভারতকে বিভক্ত করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। আজ (শনিবার) মুর্শিদাবাদ জেলার বহরমপুরে সাংবাদিকদের সামনে ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ২৩, ২০১৭ ১৪:৪৮ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম
    পশ্চিমবঙ্গের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম

সাম্প্রদায়িক শক্তি ভারতকে বিভক্ত করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। আজ (শনিবার) মুর্শিদাবাদ জেলার বহরমপুরে সাংবাদিকদের সামনে ওই মন্তব্য করেন।

বিজেপিকে কটাক্ষ করে ফিরহাদ হাকিম বলেন, ‘মুর্শিদাবাদসহ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের পাশে আছেন। কারণ, সাম্প্রদায়িক শক্তি ভারতবর্ষকে খণ্ডবিখণ্ড করতে চাচ্ছে। মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘কোথাও আর কোনো অন্য দল থাকবে না। মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল ও বাংলার মানুষের মধ্যে একটা নিবিড় যোগাযোগ আছে। যতই বাইরের লোকেরা চেঁচামেচি করুক, হৈ হৈ করুক, উৎসাহী হোক, টেলিফোনে ভুয়া মেম্বারশিপ করুক, এসবে কিছু যায় আসবে না। মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে সেটা আসন্ন পঞ্চায়েত নির্বাচনের ফলেই আমরা তা আবার প্রমাণ করে দেবো।’

ফিরহাদ হাকিম বলেন, 'বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, কেন্দ্রীয় সরকারের কিছুই দরকার নেই। কারণ, রাজ্য সরকার যে কাজগুলো করছে, সেই কাজগুলোর মধ্যদিয়েই মানুষের প্রকৃত উন্নয়ন হবে।'

এ প্রসঙ্গে তিনি রাজ্য সরকারের ‘সবুজ সাথী’, ‘কন্যাশ্রী প্রকল্প’র কথা তুলে ধরে এসবের মধ্যদিয়ে নারী ও ছাত্র সমাজকে তুলে আনা হচ্ছে এবং কন্যাশ্রীর মাধ্যমে বাল্যবিবাহ রোধ করে মেয়েদের পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।’

এ সকল কাজের মধ্যদিয়ে আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে মানুষের প্রকৃত উন্নয়ন হবে বলেও ফিরহাদ হাকিম মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৩