মুম্বাইয়ের শপিং কমপ্লেক্সে আগুন: ১৪ জনের মর্মান্তিক প্রাণহানি
https://parstoday.ir/bn/news/india-i50543-মুম্বাইয়ের_শপিং_কমপ্লেক্সে_আগুন_১৪_জনের_মর্মান্তিক_প্রাণহানি
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের একটি শপিং কমপ্লেক্সে আগুন লেগে ১২ নারীসহ অন্তত ১৪ জনের মর্মান্তিক প্রাণহানি হয়েছে।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
ডিসেম্বর ২৯, ২০১৭ ০৯:১০ Asia/Dhaka
  • ভবনের ছাদ থেকে আগুনের সূত্রপাত হয়
    ভবনের ছাদ থেকে আগুনের সূত্রপাত হয়

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের একটি শপিং কমপ্লেক্সে আগুন লেগে ১২ নারীসহ অন্তত ১৪ জনের মর্মান্তিক প্রাণহানি হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৪ জন যাদের ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের সবাই ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গেছেন বলে মনে করা হচ্ছে।

নগরীর জনপ্রিয় ‘কমলা মিলস’ রেস্টুরেন্ট এন্ড শপিং কমপাউন্ড নামের ওই বহুতল ভবনে মধ্যরাতের পরপরই আগুন লাগে।

আগুন লাগার মুহূর্তে কমলা মিলসে প্রায় ১৫০ জন মানুষ ছিলেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রগুলো বলছে,  রাত ১২টার পর ভবনের ছাদে অবস্থিত মোজো লাউঞ্জ নামে একটি রেস্টুরেন্টে প্রথম আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে।

২৮ বছর বয়সি এক নারীর জন্মদিন উপলক্ষে মোজো লাউঞ্জে একটি পার্টির আয়োজন করা হয়েছিল এবং সেখানে বেশিরভাগ অতিথি ছিলেন নারী। আগুনে যে ১২ নারী নিহত হয়েছেন তাদের মধ্যে ২৮ বছর বয়সি ওই নারীও রয়েছেন বলে তার দাদা জানিয়েছেন।

মুম্বাইয়ের লোয়ার পারেল এলাকার এই বহুতল ভবনটিতে বেশ কিছু দামী রেস্টুরেন্ট, বার এবং কর্পোরেট অফিস রয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৯