ভারত সরকার জাতি ও ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করছে: রাহুল গান্ধী
-
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী বলেছেন, কেন্দ্রীয় সরকার জাতি ও ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করছে। গতকাল (সোমবার) বাহরাইন সফরে গিয়ে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি ওই মন্তব্য করেন।
রাহুল গান্ধী বলেন, ‘দেশে গুরুতর সমস্যা আছে এবং আপনারা সমাধানের অংশ। আমি ভারতে বিদ্বেষ সৃষ্টিকারী শক্তির বিরুদ্ধে লড়াইতে আপনাদের সাহায্যের আবেদন জানাচ্ছি। ভারতের পুনর্গঠনে আমাদের সাহায্য করুন।’
রাহুল গান্ধীর অভিযোগ, ভারতে যুবকরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত। ভারত সরকার যা করছে তাতে তারা ক্ষুব্ধ। দারিদ্র দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্য পরিসেবার উন্নতি ও বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা তৈরি করার পরিবর্তে আমরা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ সৃষ্টি হতে দেখছি।
তিনি অভিযো করে বলেন, ‘কেন্দ্রীয় সরকার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারছে না। ফলে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। পরিস্থিতি সামলাতে সেই ক্ষোভকে সাম্প্রদায়িক উত্তেজনায় পরিণত করার চেষ্টা করছে সরকার। কে কী খাবে কে কী দেখবে তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। যা নিয়ে আপনাদের প্রতিবাদ জানানো উচিত। ব্যক্তিগত বিশ্বাসের জন্য সাধারণ মানুষ নিহত হচ্ছেন।’

তিনি এ ব্যাপারে দেশে সাংবাদিকদের হত্যা, দলিত ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয় তুলে ধরেন। রাহুল বলেন, এমনকি স্পর্শকাতর মামলার বিচার করার পরে বিচারকেরও রহস্য মৃত্যু হচ্ছে। কিন্তু সরকার নীরব হয়ে আছে।
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সোমবার বাহরাইনের প্রিন্স শেখ খালিদ বিন হামাদ আলে খলিফা ও যুবরাজ শেখ সালমান বিন হামাদ আলে খলিফার সঙ্গেও সাক্ষাৎ করেছেন।
পশ্চিম এশিয়ার দেশগুলোতে কমপক্ষে ৩৫ লাখ প্রবাসী ভারতীয় বাস করে। এদের মধ্যে কর্ণাটক ও কেরালার মানুষজন বেশি রয়েছেন। রাহুল তাদের কাছে পৌঁছে ঘরোয়া রাজনীতি, বিশেষ করে কর্নাটকের রাজনীতিতেও ফায়দা তোলার চেষ্টা করছেন বলে বিশ্লেষকরা মনে করছেন। কেননা কর্ণাটক ও কেরালায় প্রবাসী ভারতীয়দের বিশেষ প্রভাব রয়েছে।
কর্ণাটকে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে রাহুলের বাহরাইন সফর তাই রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আগামী ১৩ জানুয়ারি কর্ণাটকের কংগ্রেস নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন রাহুল।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৯