পশ্চিমবঙ্গের যাত্রীবাহী বাস নদীতে: ৩৬ মরদেহ উদ্ধার, জনতার বিক্ষোভ
-
এই ব্রিজের ক্রেন ভেঙে যাত্রীবাহী বাস পড়ে যায় নদীতে
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ব্রিজের রেলিং ভেঙে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে। এ পর্যন্ত ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৯ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বাসটিতে কমপক্ষে ৬০ জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
নিহতদের পরিবারপিছু ৫ লাখ টাকা অনুদান
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই ঘটনায় গভীর শোক প্রকাশ করে তার পূর্বনির্ধারিত কর্মসূচি কাটছাঁট করে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। তিনি নিহতদের পরিবারপিছু পাঁচ লাখ, গুরুতর আহতদের এক লাখ এবং সামান্য আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদানের ঘোষণা করেছেন।
জনতার বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন
মুর্শিদাবাদের দৌলতাবাদের বালিরঘাট সেতুর রেলিং ভেঙে ভয়াবহ ওই বাস দুর্ঘটনার পরে সরকারিভাবে উদ্ধার কাজ দেরি হওয়ার অভিযোগে পুলিশকে ঘিরে স্থানীয় জনতা তুমুল বিক্ষোভ প্রদর্শন করে। উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। দমকল বাহিনীর গড়িতেও ক্ষুব্ধ মানুষজন ভাঙচুর চালায়। পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয়।
আজ (সোমবার) সকাল সোয়া ৭টার দিকে ঘন কুয়াশার জন্য বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা মেরে নদীর মধ্যে পড়ে গিয়ে গভীর পানিতে তলিয়ে যায়। কমপক্ষে ৩০ ফুট পানির নিচ থেকে বাসটিকে ক্রেনের সাহায্যে টেনে তোলার চেষ্টা হচ্ছে। প্রাথমিকভাবে নৌকা, ডুবুরি ও অন্য উপায়ে যাত্রীদের উদ্ধারের চেষ্টা হলেও তাতে বিশেষ ফল হয়নি। পরে আরো উচ্চক্ষমতাসম্পন্ন ক্রেন ও প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরি অক্সিজেনের সাহায্যে পানির মধ্যে নেমে গভীর পানির ভেতর থেকে যাত্রীদের লাশ উদ্ধার করার চেষ্টা করা হয়। বাসটিকে উদ্ধার করতে বেশ কয়েকবার ক্রেনের দড়ি ছিঁড়ে পড়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৯