ভারতে শান্তি ও সম্প্রীতি রক্ষায় দিল্লিতে অনশন কর্মসূচিতে শামিল রাহুল গান্ধী
https://parstoday.ir/bn/news/india-i55556-ভারতে_শান্তি_ও_সম্প্রীতি_রক্ষায়_দিল্লিতে_অনশন_কর্মসূচিতে_শামিল_রাহুল_গান্ধী
ভারতে শান্তি-সম্প্রীতি রক্ষা ও দলিত নির্যাতন ইস্যুতে দিল্লির রাজঘাটে অনশন কর্মসূচিতে শামিল হয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
এপ্রিল ০৯, ২০১৮ ১৭:১৯ Asia/Dhaka
  • ভারতে শান্তি ও সম্প্রীতি রক্ষায় দিল্লিতে অনশন কর্মসূচিতে শামিল রাহুল গান্ধী

ভারতে শান্তি-সম্প্রীতি রক্ষা ও দলিত নির্যাতন ইস্যুতে দিল্লির রাজঘাটে অনশন কর্মসূচিতে শামিল হয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

আজ (সোমবার) রাহুল গান্ধী ছাড়াও কংগ্রেসের সিনিয়র নেতা মল্লিকার্জুন খাড়্গে, শীলা দীক্ষিত, অশোক গেহলোট, অজয় মাকেনসহ অন্য নেতারা ওই অনশন কর্মসূচিতে শামিল হন।

কংগ্রেস নেতা অজয় মাকেন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও উন্নীতকরণ এবং জাতিগত সহিংসতার বিরুদ্ধে দেশের বিভিন্নস্থানে কংগ্রেসের পক্ষ থেকে অনশন করা হয়েছে।

অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব (সংগঠন) অশোক গেহলোট দলীয় দায়িত্বশীলদের উদ্দেশ্যে এক চিঠিতে বলেন, গত ২ এপ্রিল (দলিতদের ডাকা) ভারত বনধে যা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ওই ঘটনা সামাজিক অবকাঠামোর জন্য খুব বিপজ্জনক। এটা স্পষ্ট যে বিজেপিশাসিত কেন্দ্রীয় ও রাজ্য সরকার সহিংসতা বন্ধের জন্য কোনো পদক্ষেপ নেয়নি। তারা সম্প্রতি রক্ষার জন্যও কোনো কাজ করেনি।’

এর আগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী একাধিকবার ইংরেজ আমলের সঙ্গে বিজেপি শাসনের তুলনা করে বলেছেন, বিজেপি ইংরেজদের মতোই ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি করছে। তিনি বিজেপিকে দলিত বিরোধীও বলে উল্লেখ করেন।

এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের ‘উদার আকাশ’ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ আজ (সোমবার) রেডিও তেহরানকে বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও দলিত ইস্যুতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী যে পদক্ষেপ নিয়েছেন তা অত্যান্ত সঠিক। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস বুরোর রিপোর্টে প্রকাশ বিগত দশ বছরে দলিত নির্যাতনের ঘটনা ৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রত্যেক ১৫ মিনিটে দলিতদের বিরুদ্ধে ১ টি করে অপরাধমূলক ঘটনা ঘটছে। প্রত্যেকদিন ৬ জন দলিত নারী ধর্ষিতা হন। একইসঙ্গে সংখ্যালঘুদের উপর অত্যাচার, বঞ্চনা ও বৈষম্যের ঘটনাও চরমভাবে বৃদ্ধি পেয়েছে।  বিজেপিশাসিত রাজ্যেগুলোতে দলিত ও সংখ্যালঘু নিপীড়নের ঘটনা অন্য রাজ্যের তুলনায় অনেক বেশি। কখনো ‘লাভ জেহাদ’ তো কখনো ‘গো-রক্ষার’ নামে অসহায়  সাধারণ মানুষজনকে পিটিয়ে হত্যা করা হচ্ছে।’

ফারুক আহমেদ 

ফারুক আহমেদ বলেন, ‘তপশিলি জাতি/উপজাতি নির্যাতনরোধী আইন লঘু ও দলিত-সংখ্যালঘু নিপীড়নের প্রতিবাদে আগামী ২৮ এপ্রিল কোলকাতায় মহামিছিল করার ডাক দিয়েছে বিভিন্ন দলিত-আদিবাসী ও সংখ্যালঘু সংগঠন। সেখানে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের দলিত ও সংখ্যালঘু বিরোধী অবস্থানের প্রতিবাদ জানানো হবে।’#

পার্সটুডে/ এমএএইচ/বাবুল আখতার/৯