পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন নিয়ে কোলকাতা হাইকোর্টে মামলার শুনানি
-
কোলকাতা হাইকোর্ট
ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলের অভিযোগকে কেন্দ্র করে কোলকাতা হাইকোর্টে মামলার শুনানি হয়েছে। আজ (বুধবার) বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে ওই মামলার শুনানি হয়। আগামীকাল (বৃহস্পতিবার) পুনরায় শুনানি অনুষ্ঠিত হবে।
আজ (বুধবার) শুনানির শুরুতেই বিচারপতি সুব্রত তালুকদার বলেন, দ্রুত এই মামলার নিষ্পত্তি করতে হবে। সেজন্য সব পক্ষই যেন তাদের সাফাই আইনি যুক্তির ওপরেই সীমাবদ্ধ রাখেন।
আজ শুনানি শুরু হলে মনোনয়নপত্র জমা দেয়াকে কেন্দ্র করে সন্ত্রাস ও বাধা সৃষ্টির অভিযোগ প্রসঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূলের এমপি ও সিনিয়র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিরোধীদের সমস্ত অভিযোগই ভিত্তিহীন বলে দাবি করেন।
তিনি বলেন, ‘তারা কী পুলিশে কোনো অভিযোগ জানিয়েছিলেন? পুলিশ যে শাসকদলের পুতুল তার কোনো প্রমাণ বিরোধীদের কাছে আছে? যারা মার খেয়েছেন বা যাদের ভয় দেখানো হয়েছে বলে দাবি করা হচ্ছে, সেসব ঘটনার বিস্তারিত তথ্য কোথায়?’
পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেয়ার মেয়াদ প্রথমে বাড়িয়ে ফের তা বাতিল করা সংক্রান্ত রাজ্য নির্বাচন কমিশনের দু’টি বিজ্ঞপ্তির ভিত্তিতে কোলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল বিজেপি।
গত ৯ এপ্রিল সুপ্রিম কোর্ট জানায় তারা এ বিষয়ে হস্তক্ষেপ করবে না। কোলকাতা হাইকোর্টেই পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত যাবতীয় অভিযোগের নিষ্পত্তি করতে হবে। পরে ওই মামলা হাইকোর্টে ফিরে আসে।
আজ আদালতে সিপিএমের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, ‘নির্বাচন কমিশন গত ৯ এপ্রিল যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে করেছিল। কিন্তু, ১০ এপ্রিল কেন সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হল তার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নির্বাচন কমিশন দেয়নি। রাজ্যের শাসকদলের কথায় কাজ করে চলেছে নির্বাচন কমিশন।’
উভয়পক্ষের পাল্টাপাল্টি সাফাই শেষে আগামীকাল পুনরায় ওই মামলার শুনানি হবে। সে পর্যন্ত নির্বাচনি কাজকর্মের উপর হাইকোর্টের আগের দেয়া অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বহাল থাকছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১৮