তৃণমূল কর্মীর পাটের গোডাউনে ভয়াবহ আগুন, অভিযোগের আঙুল বিজেপি’র দিকে
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার গোপালনগর থানার বালিয়াডাঙ্গাতে একটি পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল দিবাগত (রোববার) গভীর রাতে আয়ুব আলী মণ্ডলের পাট গোডাউনে আচমকা আগুন ধরে যায়। আয়ুব আলী মণ্ডলের দাবি, তিনি তৃণমূল করেন বলে বিরোধীরা ওই ঘটনা ঘটিয়েছে।
আগুন ধরার ঘটনায় কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আয়ুব আলী মণ্ডলের ভাই কিতাব আলী মণ্ডল জানিয়েছেন।
এদিন অজ্ঞাত দুর্বৃত্তরা গোডাউনটিতে আগুন ধরিয়ে দিলে প্রচুর পাট পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার ব্রিগেডের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে যায় এবং জেসিবি মেশিন দিয়ে গোডাউনের একাংশ ভেঙে আগুন নেভানোর চেষ্টা চালায়। কয়েক ঘণ্টার প্রচেষ্টায় অবশেষে আগুন আয়ত্তে আসে।
আজ (সোমবার) সকালে বনগাঁ (উত্তর) কেন্দ্রের তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল মান্নান মণ্ডলসহ অন্য তৃণমূল নেতারা সংশ্লিষ্ট গোডাউনটি পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত তৃণমূল পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, ‘ওই অগ্নিকাণ্ডের ঘটনায় বিজেপি আশ্রিত দুর্বৃত্তদের হাত রয়েছে। গতকাল (রোববার) গোপালনগর এলাকায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্ররোচনামূলক ভাষণ দেয়ার পর ওই ঘটনা ঘটেছে।’ দিলীপ বাবু তৃণমূল কর্মী-সমর্থকদের ‘অনাথ’ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বলে বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত আয়ুব আলী মণ্ডল তৃণমূলের সক্রিয় কর্মী। তিনি এলাকার তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে নামার ফলে শত্রুতাবশত ওই ঘটনা ঘটানো হয়েছে। এ ব্যাপারে গোপালনগর থানায় এফআইআর করা হচ্ছে বলেও তিনি জানান।
বালিয়াডাঙ্গায় পাট গোডাউনে আগুনে ক্ষয়ক্ষতির ঘটনা প্রসঙ্গে সোমবার বিজেপি’র জেলা তপসিলি মোর্চার সাধারণ সম্পাদক (সংগঠন) গোবিন্দ বিশ্বাস বলেন, ‘ওই ঘটনায় বিজেপি’র কর্মী-সমর্থকরা কোনোভাবে জড়িত নয়। তৃণমূলের আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এমন ঘটনা ঘটতে পারে। পুলিশ তদন্ত করলেই ওই ঘটনার সঠিক কারণ স্পষ্ট হবে।’
এদিকে, আচমকা ওই অগ্নিকাণ্ডের ঘটনায় গোপালনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৩