ক্ষমতা থাকলে ‘অনাথ’ করে দিন: দিলিপ ঘোষের প্রতি জয়া দত্ত
-
বক্তব্য রাখছেন পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভানেত্রী জয়া দত্ত
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভানেত্রী জয়া দত্ত বলেছেন, ‘বাংলায় অশুভশক্তি বিজেপিকে মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না।’ গতকাল (মঙ্গলবার) বিকেলে বনগাঁ (দক্ষিণ) বিধানসভা ক্ষেত্রের দিঘাড়ি পঞ্চায়েতের শিমুলিয়া বাজার এলাকায় এক পথসভায় তিনি ওই মন্তব্য করেন।
ওইদিন নহাটা কলেজ মাঠ থেকে মেদিয়া বাজার পর্যন্ত তৃণমূলের এক বিশাল মোটর বাইক র্যালি অনুষ্ঠিত হয়। পরে এক সমাবেশ থেকে তৃণমূল ছাত্রপরিষদ নেত্রী জয়া দত্ত বিজেপি’র তীব্র সমালোচনা করেন।
গত ২২ এপ্রিল (রোববার) বনগাঁ দক্ষিণ কেন্দ্রে দিঘাড়ি এলাকায় দলীয় কর্মীসভায় রাজ্য বিজেপি সভাপতি দিলিপ ঘোষ তৃণমূলকে টার্গেট করে বলেন, ‘ওরা যে ভাষায় কথা বলে, আমরাও সেই ভাষাতেই কথা বলব। অনেক কামিয়েছেন পাবলিকের পয়সা ঝেড়ে। ভোগ করতে পারবেন না। ছেলে-মেয়েকে দেখার লোক থাকবে না। ‘অনাথ’ করে দেবো।’
এদিন সেই দিঘাড়ি এলাকাতেই রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ সভানেত্রী জয়া দত্ত কার্যত রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের পাল্টা জবাবে বলেন, তৃণমূলকে ‘অনাথ’ করে দেয়া এত সোজা? টিভিতে বসে স্নো-পাউডার মেখে ভাষণ দেয়া সহজ। কিন্তু গ্রামগঞ্জে নেমে রোদে-ঝড়ে পুড়ে লড়াই করাটা মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন। তৃণমূল ছাত্রপরিষদ রাজপথে নেমেছে প্রতিরোধ, প্রতিবাদ আন্দোলন গড়ে তুলবে। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদের চ্যালেঞ্জ- ক্ষমতা থাকলে ‘অনাথ’ করে দিন।’
জয়া দত্ত তার ভাষণে বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় মা- মাটি- মানুষের উন্নয়নের সরকার চলছে। বাংলায় যা উন্নয়ন হয়েছে আগে কখনো তা হয়নি।’
তিনি বলেন, ‘প্রতিবাদ আমাদের রক্তে, স্লোগানে মিশে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দেবেন, বাংলার রাজপথ ছাপিয়ে প্রয়োজনে দিল্লির রাজপথে গিয়ে কুরুচিকর গুণ্ডামির সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে তৃণমূল ছাত্র পরিষদ। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলা থেকে দিল্লিতে গিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন গড়ে তুলতে পারেন তাহলে আমরাও তার দেখানো পথে সেভাবে প্রতিবাদে শামিল হবো। বাংলার মাটিতে দিল্লির ভাড়াটিয়া গুণ্ডারা এসে বড়বড় ভাষণ দিয়ে যাচ্ছেন, বড় বড় কথা বলে যাচ্ছেন আর কিছু অশিক্ষিত মানুষজন যারা কথা বলতে পারে না, যারা এ-বি-সি-ডি শেখেনি তারাও মাঠে ময়দানে তৃণমূল সম্পর্কে কথা বলছেন। কিন্তু বিজেপি’র মতো অশুভ শক্তিকে আমরা কখনো বাংলার মাটিতে মাথা তুলে দাঁড়াতে দেইনি, আগামী দিনেও দেবো না। রাজনৈতিকভাবে উন্নয়নকে সাথে নিয়ে আমরা তার মোকাবিলা করব।’
মঙ্গলবারের ওই পথসভা ও মোটরবাইক র্যালিতে বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিধায়ক সুরজিৎ বিশ্বাস ও তৃণমূলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৫