ভারতে পেট্রোলের দাম বেশি কেন, জবাব দাও: রাহুল গান্ধী
https://parstoday.ir/bn/news/india-i56936-ভারতে_পেট্রোলের_দাম_বেশি_কেন_জবাব_দাও_রাহুল_গান্ধী
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী বলেছেন, বিশ্বব্যাপী পেট্রোলের দাম সস্তা হলেও ভারতে তা এত দামি কেন? সরকারকে এর জবাব দিতে হবে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
মে ০৭, ২০১৮ ২০:৩২ Asia/Dhaka

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী বলেছেন, বিশ্বব্যাপী পেট্রোলের দাম সস্তা হলেও ভারতে তা এত দামি কেন? সরকারকে এর জবাব দিতে হবে।

আজ (সোমবার) বেঙ্গালুরুতে কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচারে তিনি ওই মন্তব্য করেন। রাহুল গান্ধী গরুর গাড়ি ও সাইকেলে চেপে নির্বাচনী রোডশো করে সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখেন।

তিনি আজ এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে বলেন, ‘নরেন্দ্র মোদি গত চার বছর ধরে প্রধানমন্ত্রী আছেন। উনি একটি প্রকল্পের কথা বলুন যা মানুষের কল্যাণে করা হয়েছে।’

দুর্নীতি প্রসঙ্গে কর্ণাটকের সাবেক বিজেপি সরকারকে টার্গেট করে রাহুল বলেন, ‘কর্ণাটকে ইয়েদুরাপ্পা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার চালিয়েছেন এবং সেসময় রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছিল। কর্ণাটকের মানুষ জানেন ইয়েদুরাপ্পা কী করেছেন।  প্রধানমন্ত্রী বলুন, ইয়েদুরাপ্পা কত অর্থ চুরি করেছেন, কতবার কারাগারে গিয়েছেন  এবং তার যোগ্যতা কি?’

সাইকেলে রাহুল গান্ধী

তিনি বলেন, ‘কর্ণাটকে মতাদর্শের লড়াই। একদিকে আরএসএস-বিজেপি-নাগপুরের চিন্তাভাবনা, অন্যদিকে কংগ্রেসের মতাদর্শ। কংগ্রেস এখানে ঐক্যবদ্ধ এবং নির্বাচনের পরে বিজেপি বুঝতে পারবে কংগ্রেস কতটা শক্তিশালী।’

দলিতদের প্রসঙ্গে রাহুল বলেন, ‘যখনই দলিতরা নিজেদের জীবন পরিবর্তন করার চেষ্টা করে, শিক্ষিত হওয়ার চেষ্টা করে তখনই আরএসএস তাদের চেপে ধরার চেষ্টা করে। বিহার, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, গুজরাটে দলিতদের হত্যা করা হলেও প্রধানমন্ত্রী নীরব হয়ে ছিলেন। তার এক মন্ত্রী সংবিধানের উপরে আক্রমণ করে সংবিধান পরিবর্তনের কথা বললেও তিনি কিছুই বলেননি।’

এ প্রসঙ্গে তিনি বলেন, নরেন্দ্র মোদি, আরএসএস বা বিজেপি কেউই দেশের সংবিধানকে স্পর্শ করতে পারবে না, কারণ কংগ্রেস সামনে দাঁড়িয়ে পড়বে এবং এক ইঞ্চিও পিছিয়ে আসবে না।

‘কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য কিছুই করেনি। রাজ্যে যদি কংগ্রেস ক্ষমতায় আসে তাহলে কৃষকদের উন্নয়নের জন্য ভালো প্রকল্প আনা হবে এবং দশ দিনের মধ্যে তাদের ঋণ মওকুফ করে দেয়া হবে’ বলেও রাহুল গান্ধী প্রতিশ্রুতি দেন।

পশ্চিমবঙ্গের 'ভাষা ও চেতনা সমিতি'র সম্পাদক ড. ইমানুল হক

'রাহুল গান্ধী ঠিক বলেছেন'

পেট্রোলের দাম বৃদ্ধি প্রসঙ্গে পশ্চিমবঙ্গের 'ভাষা ও চেতনা সমিতি'র সম্পাদক ও কোলকাতার প্রেসিডেন্সী কলেজের সাবেক অধ্যাপক ড. ইমানুল হক আজ রেডিও তেহরানকে বলেন, পৃথিবীতে ভারত পেট্রোল কিনছে ১৬/১৭ টাকায় কিন্তু বিক্রি করছে ৭৬/৮০ টাকায়। এই সরকারের মন্ত্রীরা একসময় গ্যাসের দাম দাম বৃদ্ধির প্রতিবাদ করেছিল। এখন গ্যাসের দাম দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। প্রত্যেক জিনিষপত্রের দাম দ্বিগুণ হয়ে গেছে এবং আগামী যা দিন আসছে তাতে সত্যিই আমাদের গরুর গাড়ি এবং সাইকেলেই ফিরতে হবে। রাহুল গান্ধী ঠিক কাজ করেছেন এবং ঠিক কথা বলেছেন।  সাবেক বাজপেয়ী সরকার তবুও সোনালি চতুর্ভুজ প্রকল্পের কথা বলতে পারত। কিন্তু বর্তমান মোদি সরকার একটা কোনো কিছুর কথা বলতে পারবে না যা দেশের উপকারে লেগেছে। ওরা একটা কোনো কাজ করেননি। উনি (মোদি) যেটা  করেছেন বাত বাতেলা (কথার ফুলঝুরি)। এই সরকার বাত ও বাতেলার সরকার। এর বাইরে একটি কাজও তারা করেননি।'  

তিনি বলেন, 'ওরা আমাদের সীমান্তকে রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। চীন ডোকোলাম দখল করে নিয়েছে। বারে বারে সেনা ছাউনিতে হামলা হতে দেয়া হচ্ছে। কাশ্মিরকে অশান্ত হতে দেয়া হয়েছে। এই সরকারের আমলে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, তাতে অতীতের সমস্ত দুর্নীতির রেকর্ডকে ওরা ম্লান করে দিয়েছে। এরা লোকপাল আজ পর্যন্ত নিয়োগ করেননি। প্রধানমন্ত্রী দৈনিক ৩/৪ খানা দামি পোশাক পরছেন। দেশের টাকা বিদেশে পাচারে সাহায্য করছেন। নীরব মোদি, মেহুল চোকসি, ললিত মোদি, বিজয় মালিয়া সমেত সাত হাজার ভারতীয় দেশ ছেড়ে অন্যদেশে চলে গেছেন কিন্তু ভারত সরকার কিছু করেনি। ব্যাংক লুট করার ব্যবস্থা করে দেয়া হয়েছে। ব্যাংক তুলে দেয়ার ব্যবস্থা করেছে। প্রভিডেন্ট ফান্ডের টাকার সুদ কমে গেছে। যারা পেনশান পান, বয়স্ক মানুষ তারা চরম বিপদের মধ্যে পড়েছেন। কারণ তাদের কোনো আয় নেই। স্বল্প সঞ্চয়ের টাকা কমে গেছে অথচ ওষুধের দাম বেড়ে গেছে। ভারতের মানুষদের কার্যত গণআত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে এই সরকার। রাহুল গান্ধী যা বলেছেন একদম ঠিক বলেছেন। 

পার্সটুডে/এমএএইচ/এআর/৭