কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ২ গেরিলা নিহত, 'হিট লিস্ট' তৈরি
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই গেরিলা নিহত হয়েছেন। আজ (রোববার) দক্ষিণ কাশ্মিরের কুলগাম জেলার চাদ্দের এলাকায় এক সংঘর্ষে তারা নিহত হন। ওই ঘটনাকে কেন্দ্র করে আজ সংশ্লিষ্ট এলাকায় ইন্টারনেট পরিসেবা স্থগিত করা হয়েছে। সেনাবাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালাচ্ছে।
গেরিলাদের উপস্থিতির কথা জানতে পেরে সেনাবাহিনী তল্লাশি অভিযান শুরু করলে গেরিলারা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলিবর্ষণ করে জবাব দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এদিকে, আজ নিরাপত্তা বাহিনীর অভিযানকে বাধা দিতে কয়েকশ’ প্রতিবাদী তরুণ সড়কে নেমে স্বাধীনতাকামী ও সরকার বিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের মোকাবিলা করতে কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে।
কাশ্মিরকে সন্ত্রাস মুক্ত করতে নিরাপত্তা বাহিনী সম্প্রতি ২১ গেরিলার ‘হিট লিস্ট’ তৈরি করেছে। ওই গেরিলাদের নির্মূল করার পাশাপাশি তাদের গোপন ঘাঁটি ও প্রশিক্ষণ শিবিরগুলোও নিরাপত্তা বাহিনী গুঁড়িয়ে দিতে চাচ্ছে।
এদিকে, বিজেপি সভাপতি অমিত শাহ গতকাল (শনিবার) জম্মুতে এক সমাবেশে বলেন, ‘বিজেপির কাছে ক্ষমতায় টিকে থাকা অগ্রাধিকার নয়, জম্মু ও কাশ্মিরের উন্নয়ন, মঙ্গলই তাদের একমাত্র লক্ষ্য। পিডিপি কাশ্মিরের সব অংশের সমান উন্নয়নে গুরুত্ব দেয়নি।’ জম্মু ও লাদাখ এলাকাকে উপেক্ষা করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
আজ (রোববার) অমিত শাহের পাল্টা জবাবে পিডিপি নেত্রী ও রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি জম্মু ও লাদাখ এলাকাকে উপেক্ষার অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি ওই অভিযোগকে তিনি ‘ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন।
মেহবুবা বলেন, উপত্যকায় দীর্ঘদিন ধরে অশান্তি ও ২০১৪ সালের বন্যাজনিত বিপর্যয়ের জন্য এখানে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। কিন্তু তার অর্থ এটা নয় যে অন্য অংশে কম উন্নয়ন হয়েছে।’
মেহবুবা বলেন, পিডিপি কখনোই জোটধর্ম লঙ্ঘন করেনি এবং যৌথ এজেন্ডার প্রতিশ্রুতি পালন করেছে। রাজনাথ সিংয়ের মতো নেতারাও এর প্রশংসা করেছেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৪