জম্মু-কাশ্মিরে সংঘর্ষে এক গেরিলা নিহত, তল্লাশি চলছে
https://parstoday.ir/bn/news/india-i59680-জম্মু_কাশ্মিরে_সংঘর্ষে_এক_গেরিলা_নিহত_তল্লাশি_চলছে
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক গেরিলা নিহত হয়েছে। আজ (শুক্রবার) কুপওয়াড়ার ত্রেহগাম এলাকায় নিরাপত্তা বাহিনী অভিযান চালালে ওই গেরিলা নিহত হন।  
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
জুন ২৯, ২০১৮ ০৯:২১ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মিরে সংঘর্ষে এক গেরিলা নিহত, তল্লাশি চলছে

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক গেরিলা নিহত হয়েছে। আজ (শুক্রবার) কুপওয়াড়ার ত্রেহগাম এলাকায় নিরাপত্তা বাহিনী অভিযান চালালে ওই গেরিলা নিহত হন।  

অন্যদিকে, আজ (শুক্রবার) সকালে দক্ষিণ কাশ্মিরের সোপিয়ান জেলার আহাগাম এলাকায় সেনাবাহিনীর ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের একটি টহলদারি দলের উপরে অজ্ঞাত গেরিলাদের গ্রেনেড হামলায় দু’জন জওয়ান আহত হয়েছেন। সেনাবাহিনীও ওই ঘটনায় গুলিবর্ষণ করে পাল্টা জবাব দিয়েছে। আহত ওই জওয়ানদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোপিয়ানের সিনিয়র পুলিশ সুপার শৈলেন্দ্র মিশ্র গ্রেনেড হামলায় সেনাবাহিনীর দুই সদস্য আহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।  সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের সন্ধানে সেনাবাহিনী তল্লাশি অভিযান চালাচ্ছে। 

অন্যদিকে, জৈশ-ই মুহাম্মদ গেরিলা গোষ্ঠী গণমাধ্যমে বিবৃতি দিয়ে ওই হামলার দায় স্বীকার করেছে।

এদিকে, আজ দক্ষিণ কাশ্মিরের চাতপোরা এলাকায় নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় গেরিলাদের উপস্থিতির কথা জানতে পেরে সেনাবাহিনীর ৫৫ রাষ্ট্রীয় রাইফেলস, পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও আধাসামরিক বাহিনী সি আর পি এফ যৌথভাবে সেখানে অভিযান চালায়। নিরাপত্তা বাহিনীর অভিযানে  বাধা সৃষ্টি করতে আজ প্রতিবাদী তরুণরা সড়কে নেমে নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে পাথর নিক্ষেপ করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। নিরাপত্তা বাহিনী এসময় পেলেট গান ব্যবহারসহ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও গুলিবর্ষণ করলে কমপক্ষে আটজন আহত হয়েছেন। এদের মধ্যে রউফ আহমদ নামে এক ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৯