কাশ্মিরে পুলিশ কনস্টেবলকে অপহরণ করে হত্যা, আসিয়া আন্দ্রাবি গ্রেফতার
-
পুলিশ কনস্টেবল জাভেদ আহমদ দার
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে এক পুলিশ কনস্টেবলকে অপহরণ করে হত্যা করেছে অজ্ঞাত গেরিলারা। সোপিয়ান জেলার ভেহলি গ্রামের বাসিন্দা জাভেদ আহমদ দার নামে নিহত ওই কনস্টেবলকে গতকাল (বৃহস্পতিবার) রাতে গেরিলারা অপহরণ করেছিল।
বৃহস্পতিবার রাতে তিনি একটি ওষুধের দোকানে যাওয়ার সময় অপহৃত হন। কুলগামের পারিওয়ান এলাকা থেকে আজ (শুক্রবার) ভোরে জাভেদ আহমেদ দারের গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়।
কর্মকর্তা সূত্রে প্রকাশ, অজ্ঞাত বন্দুকধারীরা প্রথমে ওই কনস্টেবলের বাসায় যেয়ে তার খোঁজ না পেয়ে পাশেই একটি ওষুধের দোকান থেকে তাকে তুলে নিয়ে যায়।

এর আগে সোপিয়ান এলাকা থেকে গত ১৪ জুন ভারতীয় সেনাবাহিনীর রাইফেলম্যান পুঞ্চ জেলার বাসিন্দা আওরঙ্গজেবকে অজ্ঞাত গেরিলারা অপহরণ করে হত্যা করেছিল। পুলওয়ামা এলাকা থেকে তার লাশ উদ্ধার হয়েছিল। তিনি ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসে কর্মরত ছিলেন।
এদিকে, আজ ‘দুখতারান-ই মিল্লাত’ নেত্রী আসিয়া আন্দ্রাবিকে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করেছে। তার সহযোগী অন্য দুই নারীকেও গ্রেফতার করা হয়েছে। তাদেরকে শ্রীনগর থেকে দিল্লিতে নিয়ে আসা হয়েছে। আসিয়ার বিরুদ্ধে সন্ত্রাসে অর্থায়ন মামলাও রয়েছে।
অন্যদিকে, কাশ্মিরে হিজবুল মুজাহিদীন কমান্ডার বুরহান ওয়ানি’র দ্বিতীয় মৃত্যু বার্ষিকীর মুখে আজ (শুক্রবার) সকালে জেএকএলএফ চেয়ারম্যান মুহাম্মদ ইয়াসিন মালিককে গ্রেফতার করা হয়েছে। আজ ফজর নামাজ শেষে পুলিশের একটি দল তার বাসভবন থেকে তাকে গ্রেফতার করে মৈসুমা থানায় নিয়ে যায়।
এছাড়া হুররিয়াত কনফারেন্সের একাংশের চেয়ারম্যান মীরওয়াইজ ওমর ফারুককে পুলিশ গৃহবন্দি করেছে। আজ সকালে পুলিশের একটি দল তার বাসভবনে উপস্থিত হয়ে তাকে গৃহবন্দি করে।
হুররিয়াত কনফারেন্সের আর এক অংশের প্রধান সাইয়্যেদ আলী শাহ গিলানী অনেক দিন ধরেই গৃহবন্দি অবস্থায় আছেন।
২০১৬ সালের ৮ জুলাই হিজবুল কমান্ডার বুরহানওয়ানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হন। যৌথ প্রতিরোধ নেতৃত্বের পক্ষ থেকে আগামী ৮ জুলাই কাশ্মির উপত্যকাজুড়ে বনধের ডাক দেয়া হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৬