জম্মু-কাশ্মিরে সংঘর্ষে ২ গেরিলা নিহত, সেনা কর্মকর্তাসহ আহত ২২
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের সোপিয়ান জেলায় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই গেরিলা নিহত ও কমপক্ষে ২০ বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। ওই ঘটনায় গুলিবিদ্ধ দুই কর্মকর্তাকে শ্রীনগরে বাদামীবাগ সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ (মঙ্গলবার) ভোরে ৩৪ রাষ্ট্রীয় রাইফেলস, পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও আধাসামরিক বাহিনী সিআরপিএফ যৌথভাবে সোপিয়ানের কুন্ডলান এলাকায় গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালাতে যায়। এসময় প্রতিবাদী তরুণরা সড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করে এবং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপের পাশাপাশি পেলেট গান ব্যবহার ও গুলিবর্ষণ করে। এতে কমপক্ষে ২০ যুবক আহত হয়েছেন। এদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের সাধারণ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, আজ ওই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে দক্ষিণ কাশ্মিরের সোপিয়ান জেলায় ইন্টারনেট পরিসেবা স্থগিত করাসহ সোপিয়ানের সমস্ত কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোপিয়ায়ন জেলার পাশাপাশি পুলওয়ামা জেলার কিছু এলাকাতেও প্রতিবাদী জনতা ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১০