ভারতের স্বাধীনতা দিবসে কাশ্মিরে সর্বাত্মক বনধ, জনজীবন বিপর্যস্ত
https://parstoday.ir/bn/news/india-i63535-ভারতের_স্বাধীনতা_দিবসে_কাশ্মিরে_সর্বাত্মক_বনধ_জনজীবন_বিপর্যস্ত
ভারতের ৭২তম স্বাধীনতা দিবসে কাশ্মিরে সর্বাত্মক বনধ পালিত হয়েছে। আজ (বুধবার) বনধের ফলে জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। কাশ্মিরি নেতা সাইয়্যেদ আলীশাহ গিলানী, মীরওয়াইজ ওমর ফারুক, জম্মু-কাশ্মির লিবারেশন ফ্রন্টের চেয়ারম্যান মুহাম্মদ ইয়াসীন মালিকের সমন্বিত যৌথ প্রতিরোধ নেতৃত্বের আহ্বানে ওই বনধের ডাক দেয়া হয়েছিল।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ১৫, ২০১৮ ১৩:৩৪ Asia/Dhaka
  • বনধে অচল জম্মু-কাশ্মির
    বনধে অচল জম্মু-কাশ্মির

ভারতের ৭২তম স্বাধীনতা দিবসে কাশ্মিরে সর্বাত্মক বনধ পালিত হয়েছে। আজ (বুধবার) বনধের ফলে জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। কাশ্মিরি নেতা সাইয়্যেদ আলীশাহ গিলানী, মীরওয়াইজ ওমর ফারুক, জম্মু-কাশ্মির লিবারেশন ফ্রন্টের চেয়ারম্যান মুহাম্মদ ইয়াসীন মালিকের সমন্বিত যৌথ প্রতিরোধ নেতৃত্বের আহ্বানে ওই বনধের ডাক দেয়া হয়েছিল।

হুররিয়াত কনফারেন্স কাশ্মিরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর মানবাধিকার  লঙ্ঘনের অভিযোগসহ কাশ্মিরি জনতার প্রকৃত অধিকারকে পদদলিত করা হচ্ছে বলে অভিযোগ করেছে। সংগঠনটির পক্ষ থেকে দিনটিকে ‘কালো দিবস’ হিসেবেও পালন করা হয়েছে।

আজ বনধকে কেন্দ্র করে কাশ্মির উপত্যকার শ্রীনগরসহ অন্যান্য জেলায় সমস্ত দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান, পেট্রোল পাম্প বন্ধ ছিল। সড়কে যানবাহন ও মানুষজন চলাচল করেনি। আজ সরকারি ছুটির দিন হওয়ায় সরকারি দফতর, ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠান এমনিতেই বন্ধ আছে।  

ইয়াসীন মালিক আটক (ফাইল ফটো)

শ্রীনগরের শের-ই-কাশ্মির স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান হওয়ায় একে কেন্দ্র করে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গড়াসহ সংশ্লিষ্ট এলাকায় প্রচুর পরিমাণে পুলিশ ও আধাসামরিক বাহিনী সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হয়। গেরিলা হামলার আশঙ্কায় বিভিন্ন জায়গায় যানবাহন থামিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কর্তৃপক্ষ আজ সকাল থেকেই মোবাইল ইন্টারনেট পরিসেবা বন্ধ রেখেছে।

অন্যদিকে, আজ জেকেএলএফ চেয়ারম্যান মুহাম্মদ ইয়াসীন মালিককে পুলিশ আটক করেছে। আজ ভোরে ফজরের নামাজ শেষে পুলিশের একটি দল তার বাসভবনে এসে তাকে আটক করে কোটিবাগ থানায় নিয়ে যায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির ঐতিহাসিক লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন।

তিনি বলেন, ‘গত চার বছরে দেশে আমূল পরিবর্তন এসেছে। প্রযুক্তিগত দিক থেকে দেশ উন্নত হচ্ছে। ‘ডিজিটাল ইন্ডিয়া’ গড়ার লক্ষ্যে এগোচ্ছি আমরা।’ ভারত বিশ্বের দরবারে আলাদা জায়গা করে নিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

মমতা বন্দোপাধ্যায়কে 'গার্ড অব অনার' প্রদান

আজ পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার ঐতিহাসিক রেড রোডে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে পুলিশের চৌকস বাহিনীর পক্ষ থেকে তাকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৫