কাশ্মির সীমান্তে বন্দুকযুদ্ধে ৪ ভারতীয় সেনা সদস্য আহত
https://parstoday.ir/bn/news/india-i63555-কাশ্মির_সীমান্তে_বন্দুকযুদ্ধে_৪_ভারতীয়_সেনা_সদস্য_আহত
ভারত নিয়ন্ত্রিত উত্তর কাশ্মিরের কুপওয়াড়া জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর নওগাঁয় গেরিলার সঙ্গে বন্দুকযুদ্ধে চার ভারতীয় সেনা সদস্য আহত হয়েছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ১৬, ২০১৮ ১১:২৪ Asia/Dhaka
  • কাশ্মির সীমান্তে বন্দুকযুদ্ধে ৪ ভারতীয় সেনা সদস্য আহত

ভারত নিয়ন্ত্রিত উত্তর কাশ্মিরের কুপওয়াড়া জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর নওগাঁয় গেরিলার সঙ্গে বন্দুকযুদ্ধে চার ভারতীয় সেনা সদস্য আহত হয়েছেন।

পুলিশের এক কর্মকর্তা বলেন, আজ সকাল সাড়ে নয়টা নাগাদ একদল সন্ত্রাসীকে চ্যালেঞ্জ জানানো হলে তারা গুলিবর্ষণ করে। এসময় উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। ওই ঘটনায় প্রাথমিকভাবে চার সেনা সদস্য গুলিবিদ্ধ হওয়ায় তাদেরকে কাছাকাছি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী পাঠিয়ে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

এদিকে, ভারত-পাক সীমান্তে গতকাল (বুধবার) সন্ধ্যায় উত্তর কাশ্মিরের কুপওয়াড়া জেলার তঙ্গধার সেক্টরে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়।

কর্মকর্তা সূত্রে প্রকাশ- ব্ল্যাকরক, শারারাত এবং অনিল পোষ্ট এলাকায় ভারত-পাকিস্তান বাহিনীর মধ্যে ভারী গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

অন্যদিকে, আজ (বৃহস্পতিবার) মধ্য কাশ্মিরের বাডগাম জেলার অরিপানথানে সর্বাত্মক বনধ পালিত হয়েছে। ২০১৬ সালের ১৬ আগস্ট নিরাপত্তা বাহিনীর গুলিতে মুহাম্মদ আশরাফ ওয়ানি, মনজুর আহমদ লোন, জাভেদ আহমদ শেখ এবং জাভেদ আহমদ নজর নামে চার বেসামরিক ব্যক্তি নিহত হন। ওই ঘটনায় কমপক্ষে আধাডজন অন্য বেসামরিক ব্যক্তি আহত হয়েছিলেন। হতাহতদের স্মরণে আজ সেখানে বনধ পালন করা হয়।

স্থানীয়দের দাবি, নিরাপত্তা বাহিনী সেসময় বিনা প্ররোচনায় অন্যায়ভাবে কঠোর পদক্ষেপ নিয়েছিল। আজ বনধের ফলে সংশ্লিষ্ট এলাকার সমস্ত দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৬

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন