ভারত-পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৪
https://parstoday.ir/bn/news/india-i63628-ভারত_পাকিস্তান_সীমান্তে_অনুপ্রবেশের_চেষ্টা_নিরাপত্তা_বাহিনীর_গুলিতে_নিহত_৪
ভারত-পাকিস্তান সীমান্ত দিয়ে কাশ্মিরে অনুপ্রবেশের চেষ্টাকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে চার অজ্ঞাত গেরিলা নিহত হয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ১৯, ২০১৮ ১০:৫০ Asia/Dhaka
  • ভারত-পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৪

ভারত-পাকিস্তান সীমান্ত দিয়ে কাশ্মিরে অনুপ্রবেশের চেষ্টাকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে চার অজ্ঞাত গেরিলা নিহত হয়েছে।

সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া আজ (রোববার) গণমাধ্যমকে বলেন, আজ সকালে জম্মু-কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা বরাবর উরি সেক্টরে অজ্ঞাত সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে এক অজ্ঞাত সন্ত্রাসী নিহত হয়েছে। সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চলছে।

অন্যদিকে, গতকাল (শনিবার) রাতে ভারত-পাক সীমান্তের কুপওয়াড়া জেলার তঙ্গধার সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা হলে নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন গেরিলা নিহত হয়েছে।

কর্মকর্তা সূত্রে প্রকাশ, নিয়ন্ত্রণরেখা বরাবর কয়েকজন সন্ত্রাসীর গতিবিধি লক্ষ্য করে তাদেরকে আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু তারা ওই আবেদনে কান না দিয়ে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। নিরপত্তা বাহিনী পাল্টা গুলি চালিয়ে জবাব দিলে তিন সন্ত্রাসী নিহত হয়।

রাজ্য পুলিশের মহানির্দেশক এস পি বৈদ তঙ্গধার সেক্টরে তিন অজ্ঞাত সন্ত্রাসী নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।

গতকাল শনিবার সন্ধ্যায় অন্য এক ঘটনায় কুপওয়াড়া জেলায় ল্যান্ডমাইন বিস্ফোরণে দলবীর সিং (২৭) নামে সেনাবাহিনীর এক রাইফেলম্যান নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ রেখার কাছে ৫৭ রাষ্ট্রীয় রাইফেলসের একটি দল টহলদারি চালানোর সময় ল্যান্ডমাইন বিস্ফোরণের শিকার হন দলবীর সিং। শরীরের বিভিন্ন স্থানে তিনি স্পিলন্টারের আঘাতে গুরুতর আহত হন। তাকে দ্রুত দ্রাগমুল্লা সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি মারা যান। কুপওয়াড়াভিত্তিক সেনাবাহিনীর এক কর্মকর্তা বিস্ফোরণে সেনা সদস্যের নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৯

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন