মোদি ‘চোরদের সর্বাধিনায়ক’- রাহুল : রবিশঙ্কর বললেন- রাহুল ‘নির্লজ্জ’
-
রাহুল গান্ধী- নরেন্দ্র মোদি
ফ্রান্সের কাছ থেকে রাফায়েল যুদ্ধ বিমান ক্রয়চুক্তিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘চোরদের সর্বাধিনায়ক’ বললেন প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। গতকাল (সোমবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ওই মন্তব্য করেন।
সোমবার উত্তর প্রদেশের আমেথিতে দলীয় কর্মীদের এক সভায় রাহুল বলেন, ‘গরীব মানুষ, শহীদ ও জওয়ানদের পকেট থেকে ২০ হাজার কোটি টাকা নিয়ে দেশের ‘চৌকিদার’ তা আম্বানির পকেটে ঢুকিয়ে দিয়েছেন।’
রাহুল বলেন, ‘নরেন্দ্র মোদির যা কাজ রাফায়েল, বিজয় মালিয়া, ললিত মোদি, নোট বাতিল, গব্বর সিং ট্যাক্স (জিএসটি) ইত্যাদি সবকিছুতেই চুরি হয়েছে।’
তিনি বলেন, 'আমরা এক এক করে দেখিয়ে দেবো, নরেন্দ্র মোদিজি ‘চৌকিদার’ নয়, তিনি চোর।’
কেন্দ্রীয় আইনমন্ত্রী ও বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ পাল্টা জবাবে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে ‘নির্লজ্জ ও দায়িত্বহীন’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘স্বাধীন ভারতে কোনো দলের সভাপতি প্রধানমন্ত্রী সম্পর্কে এমন শব্দ প্রয়োগ করেননি।’ প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব আলোর মতোই বিশ্বস্ত বলেও তিনি মন্তব্য করেন।
ফ্রান্স থেকে রাফায়েল সরবরাহের জন্য প্রধানমন্ত্রী মোদির সিদ্ধান্তে শিল্পপতি অনিল আম্বানির রুগ্নসংস্থা ‘রিলায়েন্স’কে বরাত দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে কংগ্রেস।
কংগ্রেসের পক্ষ থেকে গতকাল (সোমবার) রাফায়েল চুক্তি সম্পর্কে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনকে (সিভিসি) তদন্ত করার দাবি জানিয়ে স্মারকলিপি দেয়া হয়েছে। কংগ্রেসের প্রতিনিধিদল সিভিসি’র সঙ্গে দেখা করে বলেন, রাফায়েল বরাতে দুর্নীতি হয়েছে। চুক্তির চরিত্র, দুর্নীতি, পক্ষপাত, আইন লঙ্ঘন ইত্যাদি সবকিছু নিয়েই রিপোর্ট তৈরি করে তা প্রকাশ্যে আনতে হবে।
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী আমেথি’র সমাবেশে প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করে বলেন, ফ্রান্সে গিয়ে মোদি বললেন ‘হ্যাল’কে বরাত দিতে হবে না, আম্বানিকে দিন। দেউলিয়া হয়ে যাওয়ার মুখে একটি কোম্পানিকে (রিলায়েন্স) কেন বরাত দেয়ার জন্য বাছাই করা হলো, তার জবাব চাই।
এদিকে, রাফায়েল নিয়ে দুর্নীতির অভিযোগ তদন্তে কংগ্রেসের পাশাপাশি এবার সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং সাবেক জেডিইউ নেতা শারদ যাদব, সিপিএমের মহাসচিব সীতারাম ইয়েচুরি যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) গঠনের দাবি জানিয়েছেন। শারদ যাদব বলেন, ‘বিমানের দাম কেন ৫২৬ কোটি থেকে বাড়িয়ে ১৫৭০ কোটি টাকা করা হল, সরকার তার জবাব দিচ্ছে না। সেজন্যই জেপিসি গঠন করা প্রয়োজন।’#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৫
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন