কাশ্মিরের আকাশে পাকিস্তানি হেলিকপ্টার, গুলি করে নামানোর চেষ্টা
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলায় একটি পাকিস্তানি হেলিকপ্টার আকাশসীমা লঙ্ঘন করেছে। আজ (রোববার) দুপুর ১২টা ১৫ থেকে ১২টা ২০ মিনিটের মধ্যে পাক হেলিকপ্টারটি কমপক্ষে আড়াইশ’ মিটার ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়ায় সীমান্তে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।
গণমাধ্যমে প্রকাশ, ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে পাকিস্তানি হেলিকপ্টারটি লক্ষ্য করে গুলিবর্ষণ করে নামানোর চেষ্টা হলে সেটি পাক আকাশসীমায় চলে যায়।
গণমাধ্যমে ভারতীয় আকাশসীমায় পাক হেলিকপ্টার ঢুকে পড়ার একটি ভিডিও চিত্র প্রকাশ করে সেটিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়েছে বলে জানানো হয়েছে।
জম্মুতে সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা লে. কর্নেল দেবেন্দ্র আনন্দ বলেন, পাকিস্তানি হেলিকপ্টারটি পুঞ্চ সেক্টরে ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করেছে। রোববার দুপুর সোয়া বারোটা নাগাদ হেলিকপ্টারটি ভারতীয় আকাশসীমায় দেখতে পাওয়া যায়।
কর্মকর্তা সূত্রে প্রকাশ, সাদা রঙের হেলিকপ্টারটি গুলপুর এলাকায় ঢুকে পড়ে এবং মিনিট পাঁচেক থাকার পরে পাকিস্তানি আকাশসীমায় সেটি ফিরে যায়।
ওই ঘটনার পরে ভারতীয় নিরাপত্তা বাহিনীকে সতর্ক করে দেয়া হয়েছে। পাক হেলিকপ্টারটি ঠিক কী উদ্দেশ্যে ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়েছিল তা জানার চেষ্টা চলছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৩০