কাশ্মিরে পৌর নির্বাচনের বিরুদ্ধে সর্বাত্মক বনধ, মীরওয়াইজ ওমর গৃহবন্দী
-
কাশ্মিরে সর্বাত্মক বনধ
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে পৌর নির্বাচনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ নেতৃত্বের আহ্বানে সর্বাত্মক বনধ পালিত হয়েছে। আজ (সোমবার) গোটা কাশ্মির উপত্যকা জুড়ে সমস্ত দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং গণপরিবহণ ব্যবস্থা বন্ধ রয়েছে। আজ রাজধানী শ্রীনগরসহ অন্যান্য জেলা সদরে বনধ পালিত হয়েছে।
হুররিয়াত কনফারেন্সের প্রধান সাইয়্যেদ আলীশাহ গিলানীর নেতৃত্বাধীন মীরওয়াইজ ওমর ফারুক এবং মুহাম্মদ ইয়াসীন মালিকের সমন্বিত যৌথ প্রতিরোধ নেতৃত্বের আহ্বানে পৌর নির্বাচন বয়কটসহ বনধের ডাক দেয়া হয়।
যদিও আজ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রথম দফার নির্বাচন হচ্ছে। রাজ্যের প্রধান দুটি দল ন্যাশনাল কনফারেন্স ও পিডিপির পক্ষ থেকে ওই নির্বাচন বয়কট করা হয়েছে।
নির্বাচনে যেকোনো অপ্রিয় ঘটনা রুখতে দক্ষিণ কাশ্মিরে মোবাইল ইন্টারনেট বন্ধ এবং বিভিন্ন জায়গায় ইন্টারনেটের গতি কমিয়ে দেয়া হয়েছে। স্পর্শকাতর এলাকায় সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী সিআরপিএফ ও পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
এদিকে, নির্বাচনের আগেই গতকাল (রোববার) হুররিয়াত কনফারেন্সের একাংশের প্রধান মীরওয়াইজ ওমর ফারুককে পুলিশ গৃহবন্দী করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মীরওয়াইজ ওমর ফারুক বলেন, ‘গৃহবন্দী হয়েছি। নির্বাচনের বিচিত্র গণতান্ত্রিক প্রক্রিয়া চলছে! প্রচুরসংখ্যক বাহিনী মোতায়েন করা হয়েছে। জননিরাপত্তা আইন কার্যকর করা, লোকেদের বন্দী ও গৃহবন্দী করা, তল্লাশি চালানো, নিষেধাজ্ঞা আরোপ ও ইন্টারনেট স্থগিত প্রক্রিয়া বেড়েছে।’
আগে থেকেই হুররিয়াত কনফারেন্সের প্রধান সাইয়্যেদ আলী শাহ গিলানী গৃহবন্দী অবস্থায় আছেন। অন্যদিকে, জেকেএলএফ প্রধান মুহাম্মদ ইয়াসীন মালিককে গত ২ অক্টোবর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আটক করা হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৮