কাশ্মির সম্পর্কে বিজেপি নারকীয় নীতি গ্রহণ করেছে: সিপিএম মহাসচিব
https://parstoday.ir/bn/news/india-i65028-কাশ্মির_সম্পর্কে_বিজেপি_নারকীয়_নীতি_গ্রহণ_করেছে_সিপিএম_মহাসচিব
ভারতের সিপিএম মহাসচিব সীতারাম ইয়েচুরি বলেছেন, ‘কাশ্মির সম্পর্কে বিজেপি নারকীয় নীতি গ্রহণ করেছে। উপত্যকায় অশান্তির সুযোগ নিয়ে তারা ধর্মীয় মেরুকরণ করতে চাচ্ছে।’ গতকাল (শনিবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় দু’দিন ধরে রাজ্য কমিটির দলীয় সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে তিনি ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ১৪, ২০১৮ ১৩:০৯ Asia/Dhaka
  • সীতারাম ইয়েচুরি
    সীতারাম ইয়েচুরি

ভারতের সিপিএম মহাসচিব সীতারাম ইয়েচুরি বলেছেন, ‘কাশ্মির সম্পর্কে বিজেপি নারকীয় নীতি গ্রহণ করেছে। উপত্যকায় অশান্তির সুযোগ নিয়ে তারা ধর্মীয় মেরুকরণ করতে চাচ্ছে।’ গতকাল (শনিবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় দু’দিন ধরে রাজ্য কমিটির দলীয় সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে তিনি ওই মন্তব্য করেন।

ইয়েচুরি বলেন, ‘শুধু কাশ্মির নয় গোটা দেশেই বিজেপি ধর্মের ভিত্তিতে মেরুকরণের চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘বিজেপি আগেরবার মাত্র ৩১শতাংশ ভোট পেয়ে কেন্দ্রে ক্ষমতায় এসেছিল, এবার যাতে তারা পুনরায় ক্ষমতায় না ফিরতে পারে সেটাই নিশ্চিত করতে হবে।’

ইয়েচুরি বলেন, ‘শাসকদলের প্রাইভেট আর্মি সংখ্যালঘু ও দলিতদের ওপরে আক্রমণ করছে। এসবের মধ্য দিয়ে সরকার সাম্প্রদায়িক মেরুকরণ করে বাঁচার চেষ্টা করছে।’

তিনি বলেন, শিশুকন্যাকে ধর্ষণসহ হত্যা করার পরেও জাতি-ধর্ম বিচার করে অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে না। 

রাফায়েল যুদ্ধ বিমান চুক্তিতে দুর্নীতির প্রসঙ্গে উল্লেখ করে ইয়েচুরি বলেন, বোফর্স দুর্নীতির মতো রাফায়েল সরবরাহে কোনো দালালের দরকার পড়েনি। এখানে সরকার নিজেই দালালের দায়িত্ব পালন করেছে।

সাম্প্রতিক সবক'টি দুর্নীতিতেই বিজেপি সুবিধাভোগী হওয়ায় সরকার কিছুতেই যৌথ সংসদীয় কমিটির মাধ্যমে তদন্তের দাবি মানেনি বলেও সীতারাম ইয়েচুরি মন্তব্য করেন।

তিনি বলেন, ‘ঋণের বোঝা বৃদ্ধির ফলে কৃষকরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন। ন্যূনতম সহায়ক মূল্য দেয়া, ঋণ মওকুফসহ প্রধানমন্ত্রী তার সমস্ত প্রতিশ্রুতি খেলাপ করেছেন।’ প্রধানমন্ত্রী প্রত্যেক বছরে দু’কোটি বেকারের চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে বেকারত্ব বাড়ছে বলেও সিপিএমের মহাসচিব সীতারাম ইয়েচুরি অভিযোগ করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৪