জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ গেরিলা নিহত
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই গেরিলা নিহত ও আধাসামরিক বাহিনী সিআরপিএফের এক জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন।
আজ (রোববার) ভোরে দক্ষিণ কাশ্মিরের সোপিয়ান জেলার রেববান এলাকায় উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে হতাহতের ওই ঘটনা ঘটে। ইয়াওয়ার ওয়ানি ও নওয়াজ আহমেদ নামে নিহত ওই গেরিলারা পুলওয়ামার বাটনুর এবং সোপিয়ানের রেববান এলাকার বাসিন্দা।
সংশ্লিষ্ট এলাকায় গেরিলাদের উপস্থিতির কথা জানতে পেরে সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী ও পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সদস্য সমন্বিত যৌথবাহিনী তল্লাশি অভিযান চালায়। এসময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে দুই গেরিলা নিহত হয়। ওই ঘটনায় সিআরপিএফের এক কনস্টেবল গুলিবিদ্ধ হলে হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের এক মুখপাত্র বলেন, ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়েছে।
এদিকে, অন্য ঘটনায় আজ (রোববার) সোপিয়ান জেলার মেমানদার এলাকা থেকে অজ্ঞাত বন্দুকধারীরা সুহাইল আহমদ নামে এক তরুণকে অপহরণ করে নিয়ে গেছে।
এরআগে সোপিয়ান জেলায় অজ্ঞাত বন্দুকধারী গেরিলারা দুই বেসামরিক তরুণকে হত্যা করায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত শুক্রবার ও শনিবার পরপর দুই তরুণের লাশ উদ্ধার হয়। পুলিশের দাবি, পুলিশের চর সন্দেহে সন্ত্রাসীরা ওই তরুণদের হত্যা করেছে।
রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফান্সের সহ-সভাপতি ওমর আবদুল্লাহ, সিপিএমের বিধায়ক ইউসুফ তারিগামি ওই ঘটনার তীব্র নিন্দা করেছেন। গতকাল (শনিবার) অজ্ঞাত বন্দুকধারী গেরিলারা সোপিয়ান থেকে পাঁচ তরুণকে অপহরণ করে নিয়ে যায়। এদের মধ্যে একজনকে হত্যা করে এবং অন্যদেরকে ছেড়ে দেয়।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১৮
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন