কাশ্মিরে গেরিলা হামলায় সিআরপিএফ জওয়ান নিহত, ২ সেনা আহত
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পুলওয়ামা জেলায় অজ্ঞাত গেরিলাদের দুটি আলাদা হামলায় আধাসামরিক বাহিনীর এক সদস্য নিহত ও সেনাবাহিনীর দুই জওয়ান আহত হয়েছেন। চন্দ্রিকা প্রসাদ নামে নিহত সিআরপিএফের হেড কনস্টেবল ১৮৩ ব্যাটেলিয়ানের সদস্য ছিলেন।
পুলিশের এক কর্মকর্তা বলেন, রোববার সন্ধ্যা সাতটা নাগাদ কাকাপোরা রেল স্টেশনের কাছে সিআরপিএফের ১৮৩ ব্যাটেলিয়ানের ক্যাম্পের দিকে সন্ত্রাসীরা একটি গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। পরে ব্যাপক গুলিবর্ষণের মধ্যে এক সিআরপিএফ জওয়ান আহত হয়। তাঁকে কাকাপোরার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সিআরপিএফের মুখপাত্র সঞ্জয় শর্মা তাঁর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।
হেড কনস্টেবল চন্দ্রিকা প্রসাদ বড় সন্ত্রাসী হামলা প্রতিহত করে তাঁদের ক্যাম্পে প্রবেশের চেষ্টা প্রতিহত করেছেন বলে গতকাল গভীর রাতে সিআরপিএফের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে। জাতির সেবায় তাঁর সর্বোচ্চ আত্মত্যাগকে সিআরপিএফের পক্ষ থেকে স্যালুট জানানো হয়েছে।
হামলাকারী গেরিলারা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার পরে নিরাপত্তা বাহিনী দ্রুত গোটা এলাকা ঘিরে ফেলে তাদের সন্ধানে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে। ওই ঘটনায় নিরাপত্তা বাহিনী ও হামলাকারীদের মধ্যে পাল্টাপাল্টি গুলিবিনিময় হয়েছে।
এদিকে, অন্য এক ঘটনায় কাকাপোরাতে ওই হামলার আধাঘণ্টা পরে অজ্ঞাত গেরিলারা একই এলাকায় সেনাবাহিনীর ৫৫ রাষ্ট্রীয় রাইফেলসের টহলদারি দলের উপরে আক্রমণ করে। এরফলে সেনাবাহিনীর দুই জওয়ান আহত হয়েছে। কর্মকর্তা সূত্রে প্রকাশ, আহত জওয়ানদের শারীরিক অবস্থা স্থিতিশীল।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১৯
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন