হুররিয়াত নেতা নিহতের প্রতিবাদে কাশ্মিরে সর্বাত্মক বনধ, সেনা ক্যাম্পে হামলা
https://parstoday.ir/bn/news/india-i66021-হুররিয়াত_নেতা_নিহতের_প্রতিবাদে_কাশ্মিরে_সর্বাত্মক_বনধ_সেনা_ক্যাম্পে_হামলা
হুররিয়াত নেতা মীর হাফিজুল্লাহ নিহত হওয়ার প্রতিবাদে ভারত নিয়ন্ত্রিত কাশ্মির উপত্যকায় আজ (বৃহস্পতিবার) সর্বাত্মক বনধ পালিত হয়েছে। বনধের ফলে সমস্ত দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানসহ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ২২, ২০১৮ ১২:৩০ Asia/Dhaka
  • সর্বদলীয় হুররিয়াত কনফারেন্সের বিক্ষোভ মিছিল
    সর্বদলীয় হুররিয়াত কনফারেন্সের বিক্ষোভ মিছিল

হুররিয়াত নেতা মীর হাফিজুল্লাহ নিহত হওয়ার প্রতিবাদে ভারত নিয়ন্ত্রিত কাশ্মির উপত্যকায় আজ (বৃহস্পতিবার) সর্বাত্মক বনধ পালিত হয়েছে। বনধের ফলে সমস্ত দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানসহ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

গত (মঙ্গলবার) দক্ষিণ কাশ্মিরের আচাবল এলাকায় নিজ বাসায় হুররিয়াতের অনন্তনাগের জেলা সভাপতি মীর হাফিজুল্লাহ অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হন। ওই ঘটনার প্রতিবাদে হুররিয়াত কনফারেন্সের একাংশের প্রধান সাইয়্যেদ আলীশাহ গিলানি, মীরওয়াইজ ওমর ফারুক এবং মুহাম্মদ ইয়াসীন মালিকের সমন্বিত যৌথ প্রতিরোধ নেতৃত্ব ‌আজকের এই বনধের ডাক দেয়। তাঁরা ওই ঘটনাকে বর্বরোচিত ও অমানবিক হিসেবে অভিহিত করে কঠোর নিন্দা জানিয়েছেন। যৌথ প্রতিরোধ নেতৃত্ব মীর হাফিজুল্লাহর হত্যার নেপথ্যে সরকারি এজেন্সির হাত আছে বলে দাবি করলেও পুলিশ এ ব্যাপারে সন্ত্রাসীরা দায়ী বলে জানিয়েছে। 

মুহাম্মদ ইয়াসীন মালিক, সাইয়্যেদ আলীশাহ গিলানি এবং মীরওয়াইজ ওমর ফারুক

যৌথ প্রতিরোধ নেতৃত্বের পক্ষ থেকে আগামীকাল (শুক্রবার) জুমা নামাজ শেষে প্রতিবাদ বিক্ষোভের ডাক দেয়া হয়েছে।

আজ বনধকে কেন্দ্র করে রেলওয়ে কর্তৃপক্ষ নিরাপত্তাজনিত কারণে উত্তর ও দক্ষিণ কাশ্মিরের সমস্ত লাইনে রেল চলাচল বন্ধ ঘোষণা করেছে। চলতি মাসে এ নিয়ে তৃতীয়বার রেল চলাচল স্থগিত করা হল।

মীর হাফিজুল্লাহ

 

এদিকে, আজ ভোরে অজ্ঞাত গেরিলারা দক্ষিণ কাশ্মিরের কুলগামের খুদওয়ানিতে সেনাবাহিনীর ক্যাম্পে গুলিবর্ষণ করলে সেনাবাহিনী পাল্টা গুলিবর্ষণ করে জবাব দিয়েছে। উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণের মধ্যে মুসকান নামে এক তরুণী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।কুলগামের সিনিয়র পুলিশ সুপার হরমিত সিং বলেন, সন্ত্রাসীদের সন্ধানে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হচ্ছে।#  

পার্সটুডে/এমএএইচ/এআর/২২