জম্মু-কাশ্মিরে ল্যান্ডমাইন বিস্ফোরণে সেনাবাহিনীর ২ জওয়ান নিহত
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে ল্যান্ডমাইন বিস্ফোরণে সেনাবাহিনীর দুই জওয়ান নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। গুরুতর আহত এক সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল (শনিবার) সন্ধ্যায় নিয়ন্ত্রণরেখা বরাবর জম্মুর আখনুর সেক্টরে পালানওয়ালা এলাকায় সেনাবাহিনীর একটি দল টহলদারি চালানোর সময় দুর্ঘটনাবশত ল্যান্ডমাইন বিস্ফোরণের কবলে পড়লে ওই হতাহতের ঘটনা ঘটে।
কর্মকর্তা সূত্রে প্রকাশ, বিস্ফোরণের ফলে সেনা সদস্য সুরজিত সিং এবং ল্যান্সনায়েক সুরাজ সিং নামে দুই জওয়ান ঘটনাস্থলেই মারা যান। আহত নায়েক সান্দীপ কুমার সিংকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় খোউর থানার পক্ষ থেকে এ ব্যাপারে একটি মামলা রুজু করে পুলিশি তদন্ত শুরু হয়েছে।
সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল দেবিন্দর আনন্দ দুর্ঘটনাবশত বিস্ফোরণে দুই সেনাসদস্য নিহত ও অন্য একজন আহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।
এদিকে, অন্য এক ঘটনায় গতকাল (শনিবার) সন্ধ্যায় দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা জেলার নিলোরা এলাকায় সন্দেহভাজন গেরিলাদের উপস্থিতির কথা জানতে পেরে নিরাপত্তা বাহিনী ঘেরাও ও তল্লাশি অভিযান চালানোর সময় এক বেসামরিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলওয়ামার সিনিয়র পুলিশ সুপার চন্দন কোহলি গণমাধ্যমকে বলেন, সন্ত্রাসী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণের মধ্যে বশীর আহমেদ মীর নামে এক ব্যক্তি পায়ে বুলেটবিদ্ধ হয়েছেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২