জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ গেরিলা নিহত, বন্ধ ইন্টারনেট
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ গেরিলা নিহত ও ৫ জওয়ান আহত হয়েছে। আহতদের মধ্যে এক সেনাসদস্য, সিআরপিএফের এক জওয়ান এবং পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের তিন সদস্য রয়েছেন।
শ্রীনগরের মুজগান্ড এলাকায় গতকাল (শনিবার) সন্ধ্যা থেকে শুরু হওয়া নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে। দীর্ঘ আঠারো ঘণ্টা ধরে চলা উভয়পক্ষের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধ অবশেষে আজ (রোববার) সকালে শেষ হয়। ভয়াবহ ওই সংঘর্ষে পাঁচটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংঘর্ষস্থল থেকে তিন সন্ত্রাসীর লাশ উদ্ধার হয়েছে বলে আধাসামরিক বাহিনী সিআরপিএফের আইজি রবিদীপ শাহি নিশ্চিত করেছেন।
ওই ঘটনার জেরে শ্রীনগরের সংশ্লিষ্ট এলাকায় ইন্টারনেট পরিসেবা বন্ধ করে দেয়া হয়েছে। সংঘর্ষস্থলের দিকে এলাকার তরুণরা আটকে পড়া গেরিলাদের পালাতে সাহায্যের জন্য যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী এসময় তাদেরকে বাধা দেয় এবং পরিস্থিতি সামাল দেয়ার জন্য কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় বেশ কয়েকজন প্রতিবাদী তরুণ আহত হলে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুজগান্ড এলাকায় গেরিলাদের উপস্থিতির কথা জানতে পেরে নিরাপত্তা বাহিনী গতকাল সন্ধ্যায় ওই এলাকা ঘিরে ফেলে ব্যাপক তল্লাশি অভিযান চালায়। এসময় উভয়পক্ষের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধে হতাহতের ঘটনা ঘটে।#
পার্সটুডে/ এমএএইচ/এআর/৮