জম্মু-কাশ্মিরে ফের প্রেসিডেন্টের শাসন জারি, দ্রুত নির্বাচনের দাবি জানালেন ফারুক আবদুল্লাহ
-
ডা. ফারুক আবদুল্লাহ
জম্মু-কাশ্মিরে বুধবার মধ্যরাত থেকে প্রেসিডেন্টের শাসন জারি হয়েছে। রাজ্যটিতে ২২ বছর পরে পুনরায় সেখানে প্রেসিডেন্টের শাসন কার্যকর হয়েছে। সেখানে গতকাল (বুধবার) ছয় মাসের গভর্নরের শাসন শেষ হয়েছে।
রাজ্যটিতে গত জুন মাসে পিডিপি-বিজেপি জোট সরকার ভেঙে যাওয়ার পরে সেখানে গভর্নরের শাসন জারি হয়। গত নভেম্বরে গভর্নর সত্যপাল মালিক বিধানসভা ভেঙে দিলে পুনরায় সেখানে জোট সরকার গড়ার সম্ভাবনা শেষ হয়ে যায়।
জম্মু-কাশ্মিরে পৃথক সংবিধান থাকার সুবাদে ওই সংবিধানের ৯২ ধারা বলে প্রেসিডেন্ট শাসনের আগে রাজ্যে ছয় মাসের জন্য গভর্নরের শাসন থাকা বাধ্যতামূলক। ছয় মাসের ওই মেয়াদ শেষ হতেই বুধবার মধ্যরাতে প্রেসিডেন্টের শাসন জারি হয়েছে। ১৯৯৬সালের পরে এই প্রথম রাজ্যটিতে প্রেসিডেন্টের শাসন জারি হলো।
প্রেসিডেন্ট শাসনের ফলে জম্মু-কাশ্মির বিধানসভার ক্ষমতা থাকবে সংসদের হাতে। সংবিধানের ৭৪(১)(ক) ধারা অনুযায়ী প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার সাহায্য ও পরামর্শ মেনেই প্রেসিডেন্ট যাবতীয় সিদ্ধান্ত নেবেন।
এদিকে, জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ডা. ফারুক আবদুল্লাহ রাজ্যে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন। তিনি বলেন, গভর্নরের শাসন হোক অথবা প্রেসিডেন্টের শাসন হোক তা শেষ হওয়া উচিত। নির্বাচন করা উচিত যাতে কাজ করার জন্য মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে।
এদিকে, সম্প্রতি পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে বেসামরিক ব্যক্তিদের হতাহতের প্রতিবাদে আজ(বৃহস্পতিবার) ন্যাশনাল কনফারেন্সের এক বিক্ষোভ মিছিল কর্মসূচি পুলিশ ব্যর্থ করে দিয়েছে। ন্যাশনাল কনফারেন্সের সাধারণ সম্পাদক আলী মুহাম্মদ সাগরের নেতৃত্বে দলীয় সদর দফতর থেকে লালচকের উদ্দেশ্যে প্রতিবাদ মিছিল বেরোলে কিছুদূর যাওয়ার পরে পুলিশ ও নিরাপত্তা বাহিনী তাতে বাধা দেয় এবং তাদের থামিয়ে দেয়। বিক্ষোভকারীরা অবশেষে শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি শেষ করেন।#
পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/১৯
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন