কাশ্মিরে ২ সেনা কর্মকর্তাসহ নিহত ৮, অস্ত্র ও গুলি উদ্ধার
https://parstoday.ir/bn/news/india-i66764-কাশ্মিরে_২_সেনা_কর্মকর্তাসহ_নিহত_৮_অস্ত্র_ও_গুলি_উদ্ধার
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ছয় গেরিলা নিহত হয়েছেন। পুলওয়ামা জেলার ত্রালে আজ (শনিবার) সকালে যৌথবাহিনী ঘেরাও ও তল্লাশি অভিযান চালানোর সময় উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে গেরিলারা নিহত হন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ২২, ২০১৮ ১৫:২৮ Asia/Dhaka
  • কাশ্মিরে ২ সেনা কর্মকর্তাসহ নিহত ৮, অস্ত্র ও গুলি উদ্ধার

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ছয় গেরিলা নিহত হয়েছেন। পুলওয়ামা জেলার ত্রালে আজ (শনিবার) সকালে যৌথবাহিনী ঘেরাও ও তল্লাশি অভিযান চালানোর সময় উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে গেরিলারা নিহত হন।

কর্মকর্তা সূত্রে প্রকাশ, গোপনসূত্রে খবর পেয়ে আজ সকালে সেনাবাহিনীর ৪২ রাষ্ট্রীয় রাইফেলস, আধাসামরিক বাহিনী সিআরপিএফ ও পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ সমন্বিত যৌথবাহিনী ত্রালের আরামপোরা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালায়। এসময় লুকিয়ে থাকা গেরিলারা তাদের ওপরে এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে যৌথবাহিনীর পাল্টা গুলিবর্ষণে গেরিলারা নিহত হয়। সংঘর্ষস্থল থেকে অস্ত্র ও গুলিবারুদ উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, নিহতরা বিভিন্ন নিরাপত্তা স্থাপনায় হামলার ঘটনায় জড়িত ছিল।

ওই ঘটনাকে কেন্দ্র করে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট এলাকায় ইন্টারনেট পরিসেবা বন্ধ করে দেয়া হয়েছে। যেকোনো ধরণের বিক্ষোভ মোকাবিলা করতে ওই এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া কাশ্মির উপত্যকার সমস্ত শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

এদিকে, অন্য এক ঘটনায় গতকাল (শুক্রবার) নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে ভারতীয় সেনাবাহিনীর দুই কর্মকর্তা নিহত হয়েছেন। সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, কুপওয়াড়া জেলার কেরন সেক্টরে পাকবাহিনী যুদ্ধবিরতি ভেঙে গুলিবর্ষণ করলে দু’জন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) নিহত হন। পাক বাহিনীকে গুলিবর্ষণের উচিত জবাব দেয়া হয়েছে বলেও ওই কর্মকর্তা বলেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, আহত দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে সুবেদার গামার থাপা ও সুবেদার রমন থাপা মারা যান। পুলিশের এক সিনিয়র কর্মকর্তা ওই ঘটনার কথা নিশ্চিত করে সেনাবাহিনী পাল্টা গুলিবর্ষণের মধ্য দিয়ে জবাব দিয়েছে বলে জানান।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২২

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন