কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪ গেরিলা নিহত
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চার গেরিলা নিহত হয়েছেন। আজ (শনিবার) দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা জেলার হানজান এলাকায় যৌথবাহিনী ও গেরিলাদের মধ্যে বন্দুকযুদ্ধে চার গেরিলা নিহত হন।
সংশ্লিষ্ট এলাকায় গেরিলাদের উপস্থিতির কথা জানতে পেরে আজ সকালে সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী সিআরপিএফ ও পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ সমন্বিত যৌথবাহিনীর তল্লাশি অভিযানের সময় উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। সংঘর্ষস্থল থেকে চার সন্ত্রাসীর লাশ-সহ আগ্নেয়াস্ত্র ও গুলিবারুদ উদ্ধার হয়েছে বলে সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া গণমাধ্যমকে জানিয়েছেন।
এদিকে, আজ তল্লাশি অভিযানকে কেন্দ্র করে ওই এলাকায় প্রতিবাদী জনতা সড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করলে বেসামরিক মানুষজন ও নিরাপত্তা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। নিরাপত্তা বাহিনী এসময় কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করলে ১১ বিক্ষোভকারী আহত হন। স্বাস্থ্য দফতরের এক কর্মকর্তা ১১ জন আহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। দশ জনকে রাজপোরা জনস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করা হলেও একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য শ্রীনগরে শ্রী মহারাজ হরি সিং হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল (শুক্রবার) পুলওয়ামা জেলার রিনজিপোরা এলাকায় যৌথবাহিনী ও গেরিলাদের মধ্যে বন্দুকযুদ্ধে এক গেরিলা নিহত হয়েছিল। এ নিয়ে গত দুইদিনে পাঁচ গেরিলা নিহত হলেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৯
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন