দক্ষিণ কাশ্মিরকে যুদ্ধক্ষেত্রে পরিণত হতে দেবো না: মেহবুবা মুফতি
-
পিডিপি নেত্রী মেহবুবা মুফতি
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি বলেছেন, দক্ষিণ কাশ্মিরকে যুদ্ধক্ষেত্রে পরিণত হতে দেবো না। পুলওয়ামাতে সন্দেহভাজন এক গেরিলার পরিবারের সদস্যদের পুলিশি নিগ্রহের অভিযোগকে কেন্দ্র করে তিনি ওই মন্তব্য করেন।
পুলওয়ামার পাতিপোরাতে এক গেরিলা সদস্যের বোন রুবিনাকে পুলিশ নিগ্রহ করেছে বলে অভিযোগ করে গতকাল (রোববার) মেহবুবা তাঁর সঙ্গে সাক্ষাৎ করে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
মেহবুবা বলেন, ‘এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা যে, এক সন্ত্রাসীর বোনকে পুলিশের পক্ষ থেকে মারধর করা হয়েছে। গুরুতর আঘাতের ফলে তিনি বিছানায় শয্যাশায়ী অবস্থায় আছেন। যদি গভর্নরকে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়তে হয় তাহলে তাঁদের বোনেদের কেন এরমধ্যে আনা হচ্ছে? আমি গভর্নর ও পুলিশকে সতর্ক করে বলতে চাই যে, পুনরায় এমন ঘটনা হলে তাঁর ফল ভালো হবে না।’
সন্ত্রাসী সদস্যদের পরিবারকে হয়রানি বন্ধ না হলে কাশ্মির উপত্যকায় বিচ্ছিন্নতাবোধ আরও বৃদ্ধি পাবে বলেও মেহবুবা মন্তব্য করেন।
পুলওয়ামার অভ্যন্তরীণ এলাকা পরিদর্শন করার পরে মেহবুবা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর বলপ্রয়োগ ও জনতাকে নির্যাতন করার বিরোধিতা করে বলেন, ‘অতিরিক্ত বলপ্রয়োগ অশান্তি ও যুবকদের বন্দুকের দিকে নিয়ে যাওয়ার জন্য দায়ী।’
তিনি গভর্নরকে দোষী পুলিশ সদস্যের বিরুদ্ধে পদক্ষেপ নেয়াসহ ভবিষ্যতে যাতে এধরণের ঘটনা না ঘটে তা সুনিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন। সম্প্রতি এক গেরিলা সদস্যের বোন ও তাঁর স্বামী এবং ভাইকে পুলিশ হেফাজতে নিয়ে নির্দয়ভাবে মারধর করা হয়েছে বলে মেহবুবা মুফতি অভিযোগ করেছেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৩১
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন