জম্মু-কাশ্মিরে ‘বন্দুকযুদ্ধে’ ৩ গেরিলা নিহত, জানাজায় মানুষের ঢল
-
কফিন নিয়ে কাশ্মিরে মিছিল (ফাইল ফটো)
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত তিন গেরিলার জানাজায় কয়েক হাজার মানুষ অংশ নিয়েছেন। আজ (শুক্রবার) মানুষজনের উপচেপড়া ভিড়ের ফলে কমপক্ষে চার দফায় জানাজা অনুষ্ঠিত হয়। এসময় এক গেরিলাকে গানস্যালুট দিয়ে শেষ বিদায় জানান তার সহযোগীরা।
গতকাল (বৃহস্পতিবার) দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা জেলার ত্রালের গুলশানপোরা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে দিনভর ‘বন্দুকযুদ্ধে’ তিন গেরিলা নিহত হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদী মানুষজন সড়কে নেমে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপসহ বিক্ষোভ প্রদর্শন করলে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করতে নিরাপত্তা বাহিনী পেলেট বন্দুক চালানোর পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন প্রতিবাদী জনতা আহত হন। যাতে গুজব না ছড়ায় সেজন্য ওই এলাকায় ইন্টারনেট পরিসেবা বন্ধ রাখা হয়।
সংশ্লিষ্ট এলাকায় গেরিলাদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে সেখানে তল্লাশি অভিযান চালায়। এসময় লুকিয়ে থাকা গেরিলারা গুলিবর্ষণ করলে উভয়পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। সংঘর্ষে তিন গেরিলা নিহত ও সেনাবাহিনীর এক সদস্য গুরুতর আহত হয়েছেন। আহত সেনা সদস্যকে উধমপুর সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই ঘটনাকে কেন্দ্র করে আজ (শুক্রবার) ত্রাল ও অবন্তিপোরা এলাকায় সর্বাত্মক বনধ পালিত হয়েছে। সংশ্লিষ্ট এলাকার দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ ছিল। সড়কে কোনো যান চলাচল করেনি। নিরাপত্তাজনিত কারণে শ্রীনগর ও বানিহালের মধ্যে ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৪
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন