কাশ্মিরে 'বন্দুকযুদ্ধে' ২ গেরিলা নিহত, জানাজায় সংঘর্ষ
https://parstoday.ir/bn/news/india-i67302-কাশ্মিরে_'বন্দুকযুদ্ধে'_২_গেরিলা_নিহত_জানাজায়_সংঘর্ষ
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে দুই গেরিলা নিহত হয়েছে। গতকাল (শনিবার) সন্ধ্যায় দক্ষিণ কাশ্মিরের ইয়ারিপোরা এলাকার কাটাপোরাতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে জিনাত উল ইসলাম ও শাকিল আহমেদ দার নামে দুই গেরিলা নিহত হয়। পুলিশ নিহত জিনাতকে ‘আলবদর' সন্ত্রাসী গোষ্ঠীর কমান্ডার বলে উল্লেখ করেছে।   
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৩, ২০১৯ ১২:২৩ Asia/Dhaka
  • নিহত দুই গেরিলা
    নিহত দুই গেরিলা

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে দুই গেরিলা নিহত হয়েছে। গতকাল (শনিবার) সন্ধ্যায় দক্ষিণ কাশ্মিরের ইয়ারিপোরা এলাকার কাটাপোরাতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে জিনাত উল ইসলাম ও শাকিল আহমেদ দার নামে দুই গেরিলা নিহত হয়। পুলিশ নিহত জিনাতকে ‘আলবদর' সন্ত্রাসী গোষ্ঠীর কমান্ডার বলে উল্লেখ করেছে।   

সেনাবাহিনীর এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, সংশ্লিষ্ট এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে ৩৪ রাষ্ট্রীয় রাইফেলস, আধাসামরিক বাহিনী সিআরপিএফ এবং পুলিশের বিশেষ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালালে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হলে দুই সন্ত্রাসী নিহত হয়।   

আহত এক বেসামরিক ব্যক্তি

এদিকে আজ (রোববার) সকালে নিহত জিনাতের জানাজায় প্রচুর মানুষ অংশ নেন। এসময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয় মানুষের সংঘর্ষ হয়। প্রতিবাদী জনতা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলে নিরাপত্তা বাহিনী শূন্যে গুলিবর্ষণ করে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করে। ওই ঘটনায় এক তরুণীসহ বেশ কয়েকজন বেসামরিক মানুষজন আহত হন। আহতদের মধ্যে দু’জন পায়ে গুলিবিদ্ধ হয়েছেন এবং অন্য দু’জন পেলেটগানের ছররা গুলিতে আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এদিকে, নিরাপত্তাজনিত কারণে আজ দক্ষিণ কাশ্মিরের শ্রীনগর ও বানিহালের মধ্যে ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে।#  

পার্সটুডে/এমএএইচ/এআর/১৩

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন